গরীব সবজি বিক্রেতাদের উপর পুলিশি অত্যাচার, মোদী-শাহজিকে ব্যবস্থা নিতে বললেন দিগ্বিজয় সিংহ

এবার উত্তরপ্রদেশের বরেলির ছায়া গুজরাতের আহমেদাবাদে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন পুলিশকর্মী সবজি বিক্রেতাদের ভ্যান তছনছ করে দিচ্ছে। ফল ও সবজি বিক্রেতারা প্রাণভয়ে দৌড়াচ্ছে এবং তাদের তাড়া করছে পুলিশ। এই ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় ছি ছিক্কার পড়ে যায়।

বুধবার কংগ্রেসের শীর্ষ নেতা দিগ্বিজয় সিংহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করেন, তাঁরা কি আহমেদাবাদ পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চলেছেন? এই ভিডিওতে যে পুলিশকর্মীরা নির্মমভাবে গরীব সবজি বিক্রেতাদের অত্যাচার করছে এই লকডাউনের পরিস্থিতিতে, তার কি কোনো সুরাহা হবে? বিচার হবে এই গরীব মানুষগুলোর? শাস্তি পাবে এই পুলিশকর্মীরা? কংগ্রেসের আইটি সেলের শীর্ষ ব্যক্তিত্ব গৌরব পান্ধী এই ভিডিও পোস্ট করেন। দিগ্বিজয় সিংহ সেই ভিডিও টুইটারে শেয়ার করে লেখেন, ‘মোদী – শাহ জি, খাদ্যশস্য ও অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার জন্য আপনারা এই কাজ করছেন? যেখানে গোটা দেশ লকডাউনে বিপর্যস্ত সেখানে আপনারা এই কাজ কী করে করতে পারেন?’

ভিডিওতে দেখা যাচ্ছে, বহু সবজি ও ফল বিক্রেতা প্রাণভয়ে তাদের মালপত্রের ভ্যান নিয়ে এদিক ওদিক দৌড়াচ্ছে। জানা গিয়েছে, এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই আহমেদাবাদের পুলিশ কমিশনার লোকাল ইনস্পেক্টরদের সাসপেন্ড করেছেন। যেসকল পুলিশকর্মী এই হীন কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন গুজরাতের ডিজিপি।

দিল্লির নেহরুনগরেও সম্প্রতি এরকম ঘটনা ঘটেছে। যেখানে গরীব সবজি বিক্রেতাদের ভ্যানের চাকার হাওয়া
খুলে দিতে দেখা গেছে পুলিশকে। সেই পুলিশকর্মীকেও সাসপেন্ড করা হয়েছে।

RELATED Articles

Leave a Comment