নানান মন্দিরে পোশাক বিধি আরোপ করা নতুন কোনও ঘটনা নয়। ঘুরতে গেলে বা অফিস-কাছারিতে যে ধরণের পোশাক পরা যায়, মন্দিরে সেই পোশাক পরা যায় না আর তা উচিতও নয়। এর আগে অনেক মন্দিরেই পোশাক বিধি আরোপ করা হয়েছে।
পঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির হোক বা তামিলনাড়ুর একাধিক মন্দির, সব জায়গাতেও রয়েছে পোশাক বিধি। কোথাও মহিলা-পুরুষ নির্বিশেষে সকলকে মাথায় চাপা দিতে হয় তো কোথাও আবার জিন্স পরা বারণ। এবার এই তালিকায় যোগ হল মথুরার এক মন্দিরও। মথুরার বরসনার রাধারানি মন্দির কর্তৃপক্ষের তরফে নোটিশ জারি করে জানানো হল যে বারমুডা, হাফ প্যান্ট, মিনি স্কার্ট বা ছেঁড়া জিন্স পরে মন্দিরে প্রবেশ করা যাবে না।
বরসনা এলাকা রাধার জন্মস্থান। সেখানেই রয়েছে রাধারানি মন্দির। গত বৃহস্পতিবার মন্দির চত্বরে একটি পোস্টার লাগানো হয়েছে। তাতে স্পষ্ট জানানো হয়েছে যে রাত পোশাক, ছেঁড়া জিন্স, হাফ প্যান্ট কিংবা বারমুডা, মিনিস্কার্ট পরে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না। চলতি সপ্তাহ থেকে কার্যকর হয়ে যাবে এই নিয়ম, এমনটাই জানানো হয়েছে রাসবিহারী গোস্বামী নামে মন্দির কর্তৃপক্ষের এক সদস্যের তরফে।
কিছুমাস আগেই এই একই পথে হেঁটেছিল রাধা-দামোদর মন্দির কর্তৃপক্ষ। সেখানেও আরোপ করা হয় পোশাক বিধি। উত্তরপ্রদেশের বদাউন জেলার বিরুয়া বাড়ি মন্দিরেও বিশেষ নির্দেশিকা জারি করে বলা হয়েছিল রাত পোশাক, জিন্স-টিশার্ট, ছেঁড়া জিন্স পরে মন্দিরে প্রবেশ করা যাবে না। এবার এই নিয়ম জারি হল মথুরার মন্দিরেও।






