‘এখানেই শেষ নয়’, অনুব্রত-সুকন্যা ছাড়াও গরু পাচার কাণ্ডে এখনও গ্রেফতার হবে আরও, আদালতে বড় চমক দিল ইডি

গত আগস্ট মাসে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। কিছুদিন আগে এই কাণ্ডে ইডি গ্রেফতার করে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও। এই একই অভিযোগে আগে গ্রেফতার করা হয়েছে এনামুল হক থেকে শুরু করে সেহগল হোসেন, সতীশ কুমার, মণীশ কোঠারিদের। তবে গতকাল, সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ইডির আইনজীবী দাবী করেন জ গরু পাচার কাণ্ডে এখনও অনেকেই গ্রেফতার করা বাকি।

একদিকে ইডি যখন আরও গ্রেফতারির ইঙ্গিত দিচ্ছে, সেই সময় এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে মেয়ের জামিনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন অনুব্রত মণ্ডল। আগামী ১২ই মে সুকন্যার জামিনের হুনানি রয়েছে। সোমবার সিবিআই বিশেষ আদালত চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে মেয়ের জামিন নিয়ে অনুব্রত বলেন, “ঈশ্বর যেন বেলটা করিয়ে দেন”।

গত শনিবার তিহাড় জেলে অনুব্রতের সঙ্গে সুকন্যার দেখা হয়েছিল। অনুব্রতকে ইডি-র হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে আসার পরে এই প্রথম তাঁদের দেখা হয়। কী কথা হয়েছে, তা নিয়ে অবশ্য অনুব্রত মন্তব্য করতে চাননি। বলেছেন, “বাবা-মেয়ের যেমন কথা হয়, তেমনই হয়েছে। মেয়ের সঙ্গে অনেক দিন পরে দেখা হল”।

এদিন নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে অনুব্রত বলেন, “শরীর খুব খারাপ। বুকে ব্যথা। শ্বাসকষ্ট। সে কারণেই সংশোধনাগার পরিবর্তন করতে চাইছি”। এও জানান যে জেলের বাইরের চিকিৎসক দেখানোর পরিকল্পনা করা হচ্ছে।

এদিন দিল্লির বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয় গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হক, সতীশ কুমার, সেহগল হোসেনদের। গরু পাচার কাণ্ডে গত ডিসেম্বরে চার্জশিট পেশের পর আরও তিনটি অতিরিক্ত চার্জশিট পেশ করেছে ইডি। এই চার্জশিটে নাম রয়েছে এনামুল হক, বিনয় ও বিকাশ মিশ্র, বিএসএফ অফিসার সতীশ কুমার, অনুব্রত ও সুকন্যা মণ্ডল-সহ মোট ১২ জন অভিযুক্ত এবং এনামুল-অনুব্রতদের ১৪টি সংস্থার। আগামী ১২ই জুলাই এই মামলার ফের শুনানি রয়েছে বলে জানা গিয়েছে।

আরও অন্যান্য খবর