করোনা পরিস্থিতিতেই উত্তরপ্রদেশে ভোট হবে ৭ দফায়, পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন

করোনা সংক্রমণ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই আবহে উত্তরপ্রদেশ-সহ বাকি পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার ভাবনাচিন্তা চললেও শেষ পর্যন্ত তা আর হয়নি। আজ, শনিবার পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। করোনা সংক্রমণের কারণে সমস্ত বিধিনিষেধ আরোপ করেই হবে নির্বাচন, এমনটাই জানানো হল কমিশনের তরফে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয় করোনা আবহে উত্তরপ্রদেশে মোট ৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উত্তরপ্রদেশ বাদে শুধুমাত্র মণিপুরেই একাধিক দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মণিপুরের ৬০টি আসনে দুই দফায় ভোট হবে। বাকি উত্তরাখণ্ড, গোয়া ও পঞ্জাবে এক দফাতেই ভোট গ্রহণ সম্পন্ন হবে।

উত্তরপ্রদেশে প্রথম দফায় নির্বাচন রয়েছে আগামী ১০ই ফেব্রুয়ারি। দ্বিতীয় দফার নির্বাচন হবে ১৪ই ফেব্রুয়ারি। এই রাজ্যে তৃতীয় দফার নির্বাচন রয়েছে ২০ ফেব্রুয়ারি। ২৩শে ফেব্রুয়ারি এই রাজ্যে রয়েছে চতুর্থ দফার নির্বাচন। পঞ্চম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭শে ফেব্রুয়ারি। উত্তরপ্রদেশে ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে ৩রা মার্চ। আর এই রাজ্যে শেষ দফা অর্থাৎ সপ্তম দফার নির্বাচন হবে ৭ মার্চ।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয় যে উত্তরাখণ্ডে এক দফাতেই নির্বাচন হবে। এই রাজ্যে নির্বাচন রয়েছে ১৪ই ফেব্রুয়ারি। অন্যদিকে, মণিপুরে বিধানসভা নির্বাচন হবে দু’দফায়। এই রাজ্যে প্রথম দফার নির্বাচন রয়েছে ২৭শে ফেব্রুয়ারি ও দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে আগামী ৩রা মার্চ।

গোয়াতেও নির্বাচন হবে এক দফায়। আর পঞ্জাবেও এক দফাতেই হবে বিধানসভা নির্বাচন। এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এই দুই রাজ্যেই নির্বাচন হবে আগামী ১৪ই ফেব্রুয়ারি। আর পাঁচ রাজ্যেরই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১০ই মার্চ।

আরও অন্যান্য খবর