মোদী ম্যাজিক স্পষ্ট! নিজের রেকর্ডই ভাঙছে বিজেপি, গুজরাত ও হিমাচলে গেরুয়া ঝড়, হাড্ডাহাড্ডি লড়ছে কংগ্রেস

আজ, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গুজরাত ও হিমাচল প্রদেশে শুরু হয়েছে ভোট গণনা। প্রাথমিক গণনা অনুযায়ী, দুই রাজ্যেই এগিয়ে রয়েছে বিজেপি। গুজরাতে গেরুয়া ঝড় স্পষ্ট। তবে হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে কংগ্রেসও।

সব রেকর্ড ভেঙে গুজরাতে ১৫৯ আসনে এগিয়ে বিজেপি। গুজরাতে ফলের প্রাথমিক প্রবণতায় আপ তেমন ছাপ ফেলতে পারেনি। তবে প্রাথমিক ফলাফলেই স্পষ্ট, প্রাক নির্বাচনী আভাস অনুযায়ী আপ ভোট কেটে কংগ্রেসের পথে কাঁটা বিছিয়ে দিয়েছে। হিমাচলে এই মূহূর্তে কংগ্রেস ৩৩টি, বিজেপি ৩২টি’তে এগিয়ে।

ভোটের আগের সমীক্ষাগুলিতে বলা হয়েছিল, আপ দশ শতাংশের মতো ভোট পাবে। বিজেপি নাকি কংগ্রেস, কাদের ভোট কাটবে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি, তা নিচে চর্চা ছিল তুঙ্গে। এখন প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, আপ উনিশ শতাংশের কাছাকাছি ভোট পাচ্ছে। শেষ পর্যন্ত এই প্রবণতাই স্থায়ী চেহারা নিলে কংগ্রেসের আশঙ্কাই মিলে যাবে। প্রচারে কংগ্রেস বারে বারে বলেছে, আপ এসেছে বিজেপির জয় নিশ্চিত করতে।

অন্যদিকে, হিমাচক প্রদেশে ২০,০০০-র বেশি ভোটে জিতে গেলেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। নির্বাচন কমিশনের তরফে অবশ্য সরকারিভাবে জয়ের মার্জিন ঘোষণা করা হয়নি। আপাতত তাঁর লিড দেখাচ্ছে ২৪,০০০। গতবার ৫,০০০ ভোটে জিতেছিলেন। এবার তাঁর জয়ের ব্যবধান হল চারগুণ। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কংগ্রেস ৩৩ টি আসনে এগিয়ে আছে। ৩১ টি আসনে এগিয়ে আছে বিজেপি। চারটি আসনে এগিয়ে আছে নির্দলরা।

গুজরাতের তুলনায় হিমাচলে কংগ্রেস বরং অনেক বেশি লড়াই করেছে। ওই রাজ্যে দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের মৃত্যুতে দল এবার কার্যত অভিভাবকহীন ছিল। তারপরও প্রচারে কংগ্রেস যথেষ্ট সাড়া ফেলে।

আরও অন্যান্য খবর