Rath Yatra 2025 : রথযাত্রার মাঝেই হাতির তাণ্ডব! ১৫ মিনিট বন্ধ উৎসব, পদপিষ্টে জখম ভক্তরা!

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে আমদাবাদেও পালিত হচ্ছে ১৪৮তম জগন্নাথ রথযাত্রা। সকাল থেকেই আমদাবাদের রাস্তায় রথ টানার উৎসবে সামিল হন হাজার হাজার ভক্ত। বর্ণময় সাজে, ধর্মীয় গান ও ঢাকঢোলের গর্জনে এক অভূতপূর্ব পরিবেশ তৈরি হয় শহরের বুকে। বহু মানুষ ভিড় জমান এই ঐতিহ্যবাহী উৎসবের সাক্ষী হতে। কিন্তু এবারের রথযাত্রা যেন হয়ে উঠল আতঙ্কের প্রতিচ্ছবি, যেখানে বিশ্বাস আর আনন্দের মাঝে হঠাৎই ছায়া ফেলল এক ভয়ানক দুর্ঘটনা।

জানা গিয়েছে, উৎসব চলাকালীন একটি দাঁতাল আচমকাই উত্তেজিত হয়ে ওঠে। রথযাত্রার শোভাযাত্রায় অংশগ্রহণকারী ওই হাতিটি ডিজে-র বিকট আওয়াজে ভয় পেয়ে যায় বলে জানা গিয়েছে। ফলে সে নিয়ন্ত্রণ হারিয়ে ছোটাছুটি শুরু করে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ওই একটি হাতিকে দেখে বাকি দুই দাঁতালও উত্তেজিত হয়ে ওঠে। ততক্ষণে রথের রাস্তায় উপস্থিত ভক্তদের মধ্যে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত সূত্রে জানা যাচ্ছে, হাতিগুলির হঠাৎ এই আচরণে ভক্তদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ভিড়ের মধ্যে শুরু হয় ছুটোছুটি, যার জেরে পদপিষ্ট হন বেশ কয়েকজন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনায় ৩ থেকে ৪ জন আহত হয়েছেন। সৌভাগ্যবশত, তাঁদের কারোরই অবস্থা গুরুতর নয়। আহতরা মূলত হাতির আশেপাশে উপস্থিত থাকায় এই বিপদে পড়েন বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার পরই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বনবিভাগ ও মাহুতরা। তাদের প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই উত্তেজিত হাতিগুলিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই সময় রথযাত্রা ১৫ মিনিটের জন্য বন্ধ রাখা হয়। ঘটনাস্থলে ডাকা হয় ১০৮ অ্যাম্বুল্যান্স। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। রথযাত্রার নিরাপত্তার কথা মাথায় রেখে হাতিগুলিকে অন্য একটি রুটে সরিয়ে নেওয়া হয় এবং ডিজে বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ Kasba:‘ছাত্রনেতা’র লোভ দেখিয়ে কলেজে ডেকে এনে ধর্ষ*ণ! কসবা-কাণ্ডে তৃণমূলের ছায়া!

এই ঘটনা রথযাত্রায় দুর্ঘটনার তালিকায় নতুন সংযোজন। এর আগে ২০২৩ সালে ত্রিপুরার কুমারঘাটে উল্টোরথের দিন বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল ৬ জনের, যার মধ্যে দু’জন শিশু ছিল। কর্ণাটকেও রথ ভেঙে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। এবার আমদাবাদে দাঁতালের তাণ্ডবে রথযাত্রা থমকে যায়। তবে, স্থানীয় প্রশাসন ও বনদফতরের দ্রুত পদক্ষেপে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, এবং উৎসব আবারও শুরু হয়েছে প্রশাসনের কড়া নজরদারিতে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles