করোনা মোকাবিলায় এবার বাজারে এলো পাঁপড় তত্ত্ব। এ যেমন তেমন পাঁপড় নয়, এ হল করোনা নিধনকারী পাঁপড়। আমাদের দেশে যখন থেকে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে তখন থেকেই বিভিন্ন গুণীজনের মধ্যে নতুন নতুন বিজ্ঞানীর আবির্ভাব হয়েছে। যার মধ্যে কেউ বলেছেন, নাকে তেল দিলে অনাক্ৰম্যতা বাড়ে। কিন্তু এসব এখন অতীত। বাজারে এসেছে নতুন ‘অস্ত্র’ যার নাম “ভাবিজি পাঁপড়”! হ্যাঁ, ঠিকই পড়েছেন। করোনা সংক্রমণ মোকাবিলায় এই বিশেষ ধরনের পাঁপড় বাজারে আনলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই পাঁপড় এর কার্যক্ষমতা বিস্তারিতভাবে বর্ণনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী। ‘ভাবিজি পাঁপড়’-এর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অর্জুন মেঘওয়াল বলেন, “এই পাঁপড় করোনা মোকাবিলায় খুবই উপকারী।” সঙ্গে তিনি আরও বলেন, মোদী সরকারের আত্মনির্ভর প্রকল্পের আওতায় পাঁপড় বানিয়েছে এই ব্র্যান্ডটি। কোভিড নিয়ন্ত্রণে যখন মোদী সরকারের দক্ষতা ৮০-৯০ শতাংশ থেকে ৭৭.৩ শতাংশে নেমেছে তখন কেন্দ্রীয় মন্ত্রীর এই ‘পাঁপড় তত্ত্ব’ কতটা কার্যকরী হবে তা বলা মুশকিল!
ভারতে দিন প্রতিদিন বেড়েই চলেছে করোনার প্রকোপ। দেশব্যাপী আক্রান্তের সংখ্যা এখন প্রায় ১৩ লক্ষে পৌঁছেছে। পাশাপাশি বাড়ছে মৃত্যুর হারও। বিশ্বের সব তাবড় তাবড় বিজ্ঞানীরা উঠে পড়ে লেগেছেন ভ্যাকসিন তৈরির কাজে। মানুষ এখন দিশেহারা হয়ে রয়েছে। তার মধ্যে গেরুয়া শিবির এবার নিয়ে এলো করোনা বিরোধী পাঁপড়। তবে মন্ত্রীমশাইয়ের এ হেন দাবিতে বেশ বিরক্তই হয়েছেন নেটিজেনরা। নেটদুনিয়াতে এখন রীতিমতো উঠেছে সমালোচনার ঝড়। তাই পাঁপড় তত্ত্ব করোনা নিরাময় করুক কিংবা নাই করুক বিজেপির মাথা যে হেঁট করবে তা বলার অপেক্ষা রাখে না।






