খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে! মে মাসের মাঝামাঝি থেকে বাংলায় গেরুয়া আবির খেলা হবে! শাসক দলকে কটাক্ষ বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী’র

রাজ্যের শাসকদলের বিতর্কিত নেতা অনুব্রত মণ্ডলের ‘খেলা হবে’ স্লোগান এখন রাজ্যজুড়ে বহুল প্রচলিত। শুধু মাত্র শাসক দল‌ই নয়, বিরোধীরাও এই স্লোগানের ব্যবহার করছেন।

এদিন পূর্ব বর্ধমানের রায়নায় পরিবর্তন যাত্রার সভা থেকে বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী বলেন, “খেলা তো শুরু হয়ে গেছে। দিদির পাশ থেকে এক এক করে তারারা খসতে শুরু করেছে। নির্বাচন ঘোষণা হলে অনেক বড় খেলা হবে। আরও অনেকে দিদিকে পরিত্যাগ করে বিজেপির সঙ্গে যুক্ত হবে। অনেক বড় খেলা হবে। অনেক ভয়ঙ্কর খেলা হবে। পশ্চিমবঙ্গবাসীকে নিয়ে গত দশ বছরে অনেক খেলা হয়েছে। যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা রাজ্য সরকার পালন করেনি। এগারো সালে দেওয়া প্রতিশ্রুতি পালিত না হওয়ায় পার্শ্বশিক্ষকরা আজ আন্দোলন চালাচ্ছে।”

এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁও। বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থেকে পরিবর্তন যাত্রার রথ জামালপুর হয়ে দুপুরে রায়নার শাকটিয়ায় পৌঁছায়। সেখানে পরিবর্তন যাত্রার সভা অনুষ্ঠিত হয়।

সেখানে বক্তব্য রাখতে গিয়ে দেবশ্রী চৌধুরী বলেন, “সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছেন। তাতে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু এ রাজ্যের কৃষকদের কোনও উন্নতি হয়নি। বাংলায় কটা শিল্প হয়েছে তার উত্তর দেওয়ার সময় এসেছে। তিনি বলেন, আজ সন্ত্রাসের আঁতুড়ঘরে পরিনত হয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যের মতো রাজনৈতিক হিংসা, রাজনৈতিক হত্যা গোটা ভারতবর্ষের আর কোথাও হয় না। আগে বিহার উত্তর প্রদেশে কিছু গোলমাল হতো। সেখানেও এখন তা হয় না। কয়েক মাস আগে বিহারের নির্বাচনে একটা চকলেট বোমা পর্যন্ত ফাটেনি। সেখানে পশ্চিমবঙ্গে ২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে একশো তিরিশ জন বিজেপি নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে। এই হিংসার রাজনীতি থেকে পশ্চিমবাংলাকে বদলাতে হবে। হিংসা, রাজনৈতিক হানাহানি যতদিন না বন্ধ হবে এ রাজ্যে কোনও শিল্প আসবে না।”

RELATED Articles