আশার কথা শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala sitharaman)। করোনার জেরে হওয়া মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশীয় অর্থনীতি। কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন দিশা উঁকি দিচ্ছে। তাঁর দাবি, দক্ষ শ্রমিকরা নতুন এবং বেশি অর্থ হাতে পাওয়ার সুযোগ পাচ্ছেন। মাঝারি দক্ষ শ্রমিকদেরও আরও ভাল কাজ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে অদক্ষ শ্রমিকদেরও নিজের নিজের এলাকায় কাজ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
মঙ্গলবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের (National Media) সঙ্গে সাক্ষাৎকারে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, আগামী বাজেটে দেশের পরিকাঠামো উন্নয়নই নরেন্দ্র মোদী সরকারের (Narendra Modi governmentNarendra Modi government) মূল লক্ষ্য।
একইসঙ্গে সীতারমণ জানিয়েছেন, জিএসটি (GST) আদায় বৃদ্ধি দেশের অর্থনীতিতে আশার আলো জাগিয়েছে। প্রায় আট মাস ধরে চলা করোনা পর্বের মধ্যে সবচেয়ে বেশি জিএসটি আদায় হয়েছে অক্টোবরেই, যার পরিমাণ ১ লক্ষ কোটি টাকারও বেশি। গত বছরের অক্টোবরের তুলনায় ১০.২ শতাংশ বেশি।
এ ছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেছেন, দু’চাকার গাড়ি এবং অন্যান্য গাড়ির বিক্রি, রপ্তানি, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের(PMI)বৃদ্ধি ক্ষত সারিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিতই দিচ্ছে।
তাৎপর্যপূর্ণভাবে, সোমবারই আইএইচএস মার্কিট ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) জানিয়েছে, অক্টোবরেই দেশের কল-কারখানায় উৎপাদন গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। এই মাসে বৃদ্ধির সূচক পৌঁছেছে ৫৮.৯ শতাংশে, যা ২০১০ সালের মে মাসের সূচকের থেকেও বেশি। বিশেষজ্ঞদের মতে, ওই সূচক ৫০-এর উপরে থাকার অর্থ উৎপাদন বাড়ছে।





