আতঙ্ক যেন পিছু ছাড়ছে না ওড়িশার। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার খত এখনও মনে গেঁথে। চিকিৎসা চলছে একাধিক আহতদের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকে। কিন্তু তবুও যেন ট্রেন দুর্ঘটনা থেকে মুক্তি নেই ওড়িশার। ফের ঘটল বিপত্তি। ওড়িশার নুয়াপাড়ায় পুরীগামী ট্রেনের এক এসি কামরার নিচে লাগল আগুন। যদিও বড়সড় কোনও বিপদ ঘটে নি।
ইস্ট-কোস্ট রেলের কর্তারা জানিয়েছেন, গতকাল, বৃহস্পতিবার রাত ১০ টার পরে ওড়িশার নুয়াপাড়ায় ডাউন দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কোচের নীচে আগুন লেগে যায়। ব্রেক প্যাডের সংঘর্ষের ফলে লেগেছিল সেই আগুন। দ্রুত আগুন নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা। কোচের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে নি, ফলে কোনও হতাহতেরও খবর নেই। রেল সূত্রে খবর, এক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফের চাকা গন্তব্যের দিকে এগিয়ে যায় দুর্গ-পুরী এক্সপ্রেস।
জানা গিয়েছে, ওড়িশার নুয়াপাড়া খারিয়ার স্টেশনে দুর্গ-পুরী এক্সপ্রেস ঢোকার পর যাত্রীরা আগুন দেখতে পান। বি৩ কোচে ধোঁয়া ভরে যায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। রেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় তড়িঘড়ি। দমকল বাহিনী দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতেই ওড়িশার বালেশ্বরে ঘটে যায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। করমণ্ডল এক্সপ্রেস ধাক্কা মারে লুপ লাইনে থাকা এক মালগাড়িতে। এর জেরে লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি। কিছু বগি উঠে যায় মালগাড়ির উপর।
এমনকি, সেই সময় পাশের লাইনে আসা যশবন্তপুর এক্সপ্রেস আবার ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগিতে। ফলে সেই ট্রেনেরও কিছু কামরা লাইনচ্যুত হয়ে যায়। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় ৩০০ জন। আহত হয়েছেন হাজারেরও বেশি। সেই আতঙ্ক কাটতে না কাটতেই এবার ফের ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা তাও আবার সেই ওড়িশাতেই।





