অবশেষে একটু স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। জ্বালাপোড়া গরম থেকে এবার মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী। মুষলধারে বৃষ্টি না হলেও, শনি-রবিবার থেকে প্রাক-বর্ষার বৃষ্টিতে ভিজবে বঙ্গের মাটি।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গে রবিবারও তাপমাত্রা বেশির দিকেই থাকবে। তবে রবিবার থেকেই দক্ষিণবঙ্গে নানান জেলায় শুরু হবে প্রাক-বর্ষার বৃষ্টি। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
একফোঁটা বৃষ্টির জন্য আকাশের দিকেই তাকিয়ে বঙ্গবাসী। কাঠফাটা গরম অসহনীয় হয়ে উঠেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। অরুণাচল, মেঘালয়-অসমে বৃষ্টি শুরু হয়েছে। রবি-সোমবারের মধ্যে উত্তরবঙ্গে অর্থাৎ বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যে এখনই ভারী বৃষ্টির আশা দিতে পারল না হাওয়া অফিস।
এর বদলে আবার পশ্চিমের সাত জেলায় এবং উত্তরের তিন জেলায় রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা নেই আপাতত। পশ্চিমের জেলাগুলি বাদ দিয়ে রাজ্যের বাকি জেলাগুলিতে রবিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহ চলবে বলে জানাল আবহাওয়া দফতর। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু অংশে তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে।
উত্তরবঙ্গে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। শনিবার থেকে এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে রবিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
রবিবার থেকে দক্ষিণবঙ্গে নামতে পারে বৃষ্টি। পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। রবিবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।





