লকডাউনের মধ্যে প্রথম জন্মদিনে সারপ্রাইজ দিতে কেক নিয়ে এগিয়ে এল পুলিশ প্রশাসন

করোনার জেরে দেশব্যাপী চলছে লকডাউন। এই লকডাউনের জেরে মানুষের বাড়ি থেকে বেরোতেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। এরই মধ্যে পেরিয়ে যাচ্ছে কত উৎসব, কত জন্মদিন, কত আড্ডা। লকডাউন যেন ফিকে করে দিয়েছে জীবনের সব রং। বাড়ির চারটি দেওয়াল যেন মানুষের মনকেও বেঁধে ফেলেছে। অন্য অন্য বছর হই হই করে আসা দিনগুলো এবার আসছে চুপি চুপি, শুধু বাড়ির লোকরাই জানতে পারছেন, আজ প্রিয় মানুষটির জন্মদিনের ইতিবৃত্ত। কাউকে নেমন্তন্ন করা তো দূরের কথা, পায়েস বা কেকেরও ব্যবস্থাও করা যাচ্ছে না।

এবার লকডাউনের মধ্যেই সারপ্রাইজ পেল এক খুদে। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবে। এক শিশুকন্যার বাড়িতে কেক পৌঁছে দিল রাজ্য পুলিশ। আজ তার প্রথম জন্মদিন। সেই আনন্দে পুলিশ আধিকারিকরা তার বাড়ি নিয়ে এলেন সারপ্রাইজ কেক। টুইটারে সেই ভিডিওটি শেয়ার করলেন তাঁরা। তাতে দেখা যাচ্ছে মাস্ক-গ্লাভস পরা কিছু পুলিশকর্মী একটি বাড়ির বাইরে বাইক দাঁড় করাচ্ছেন। বেল বাজাতেই বাবা মায়ের কোলে বাচ্চাটি বেরিয়ে আসে। আর সেই ছোট্ট শিশুর হাতে কেক তুলে দিয়ে পুলিশকর্মীরা গেয়ে ওঠেন জন্মদিনের গান।

পুচকি মেয়েটির নাম মাইরা, বাড়ি পাঞ্জাবের মনসা জেলায়। বাবা মার সঙ্গে প্রথম জন্মদিন কাটানোর কথা ছিল তার। কিন্তু কেকের ছোঁয়া বিশেষ স্বাদ এনে দিল তার জন্মদিনে।

এই লকডাউনের জেরে মানুষের পুলিশের প্রতি ভয়টা খানিকটা হলেও কেটেছে। একদিকে সংক্রমন রোধে বাড়ি থেকে বেরোলেই চলছে কড়া শাসন, অন্যদিকে মানবিকতার প্রতিভূ স্বরূপ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তাঁরা। কখনো শত কিমি দূরত্ব পাড় করে ক্যান্সার রোগীকে ওষুধ দিচ্ছেন, কখনো লো ব্লাড প্রেসারের রুগীকে মিষ্টি দিচ্ছেন আবার কখনো মাইরার জন্মদিনে সারপ্রাইজ। তাদের শুধু একটাই লক্ষ্য যেভাবেই হোক মানুষকে বাঁচানো, দেশকে বাঁচানো।

RELATED Articles

Leave a Comment