ভারতীয় ফুটবলের নক্ষত্রপতন! চলে গেলেন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। জানা গিয়েছে, নিউমোনিয়া, পারকিনসন-সহ একাধিক রোগ থাবা বসিয়েছিল তাঁর শরীরে। গত এক মাসের বেশি সময় ধরে তিনি ভর্তি ছিলেন বাইপাসের ধারের একটি হাসপাতালে। সেই থেকেই তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে।
সোমবার বিকেলের পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কিডনি সচল রাখার জন্য ডায়ালিসিস চললেও পিকে তা নিতে অক্ষম হয়ে পড়েন। কোনও ওষুধই কাজ করছিল না। শেষমেষ শুক্রবার দুপুর দুটো আট মিনিটে শেষ হয়ে গেল তাঁর লড়াই। তাঁর প্রয়াণে ফুটবল জগতে নেমে এল শোকের ছায়া।
নিজের দীর্ঘ ফুটবলার জীবনে বড় ক্লাবের হয়ে কোনওদিন খেলেননি তিনি। ইস্টার্ন রেলের হয়ে খেলেছেন। ১৯৫৮ সালে কলকাতা লিগ জিতেছিল ইস্টার্ন রেল। সেই চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন পিকে। ক্লাব পর্যায়ে যেমন সাফল্য পেয়েছিলেন তিনি, জাতীয় দলের জার্সিতেও তিনি দারুণ সফল।
১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক্সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। চার বছর পরে রোম অলিম্পিকে দেশের হয়ে অধিনায়কত্ব করেন পিকে।
শুধু ফুটবলার হিসেবেই নয়, কোচ হিসেবেও দারুণ সফল তিনি। লিগ, ডুরান্ড, শিল্ড-সহ একাধিক ট্রফি জিতেছেন। মাঠে নেমে চিরকাল লড়াই করেছেন তিনি। তবে সারাজীবনে অনেক কঠিন লড়াই জিতলেও জীবনের অন্তিম লড়াইটা আর জেতা হল না তাঁর। ইহলোকের মায়া কাটিয়ে তিরাশি বছর বয়সে পরলোকের পথে পাড়ি জমালেন চীরবর্ণময় এই কিংবদন্তী।





