হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী, করোনার রিপোর্ট নেগেটিভে মিলল স্বস্তি

মঙ্গলবারই হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। জ্বর এবং বুকে ব্যথা নিয়ে গত রবিবারই দিল্লির AIIMS-এ ভর্তি হন। এরপর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেওয়া হয়। সোমবার রাতে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে।

চিকিত্‍‌সকেরা জানান, ৮৭ বছর বয়সী এই নেতার জ্বর আসার কারণ নতুন কোনো ওষুধের প্রতিক্রিয়া। কিন্তু এখন তিনি আগের তুলনায় বেশ ভালো আছেন। ওনার অবস্থাও এখন স্থিতিশীল। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর কার্ডিয়ো-থোরাসিক সায়েন্সেস সেন্টারে তিনি পর্যবেক্ষণে রয়েছেন।

মনমোহন ঘনিষ্ঠ একটি সূত্রে বলা হয়, রবিবার ভর্তি হওয়ার পর সোমবার সারাদিনে এই বর্ষীয়ান কংগ্রেস নেতার আর জ্বর আসেনি। এর মধ্যে তাঁর একাধিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষারও রিপোর্ট নেগেটিভ আসে। দিল্লি এইমসের তরফে সোমবার মনমোহনের স্বাস্থ্য সম্পর্কিত এক বুলেটিনে এ কথা জানানো হয়। চিকিত্‍‌সকেরা জানান, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের উন্নতি হয়েছে।

গায়ে জ্বর থাকার কারণেই প্রাক্তন প্রধানমন্ত্রীর তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্ট নেগেটিভ আসতেই বড় স্বস্তি পেয়েছেন সকলেই। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগও খানিক কমেছে। নতুন ওষুধের প্রতিক্রিয়া ছাড়াও জ্বর আসার অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখছেন বিশেষজ্ঞ চিকিত্‍‌সকেরা।

২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। রাজস্থান থেকে রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছিলেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। ২০০৯ সালে এইমসে তাঁর করোনারি বাইপাস সার্জারি হয়েছিল। বর্তমান পরিস্হিতিতে সব দলের নেতারাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

আরও অন্যান্য খবর