‘ইন্দিরা গান্ধীর পর দেশের যোগ্যতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই’, মোদীর ভূয়সী প্রশংসা করতেন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের, জানালেন কন্যা

কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে দেশের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের লেখা বই ‘ইন প্রণব। মাই ফাদারঃ এ ডটার রিমেম্বার্স’। এই বই থেকে প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে নানান তথ্য জানা গিয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি নিজের ডায়েরিতে কার সম্পর্কে কী কথা লিখেছিলেন, সেই সময় তথ্য নিজের বইয়ের মাধ্যমে সকলের কাছে তুলে ধরেছেন প্রণব-কন্যা। শর্মিষ্ঠা মুখোপাধ্যায় এবার সামনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে লেখা তাঁর বাবার কিছু কথা।

নিজের বইতে কী লিখেছেন শর্মিষ্ঠা?

শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের নিজের বইতে লিখেছেন, “বাবা যখন প্রেসিডেন্ট পদে বসলেন, তখন থেকেই দু’জন নিজেদের (প্রণব মুখোপাধ্যায় ও নরেন্দ্র মোদী) কর্তব্য সম্পর্কে খুব স্পষ্ট ছিলেন। দু’জনে আলাদা আলাদা আদর্শের হলেও কেউ কারও এক্তিয়ারে হস্তক্ষেপ করতেন না”।

প্রণব-কন্যার সংযোজন, “আমার মনে হয় বাবার সঙ্গে মিস্টার মোদীর সম্পর্ক আরও আগে থেকে। সে সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রীও হননি। দিল্লিতে তিনি আসতেন বিজেপির একজন সাধারণ কর্মী হিসেবে। আর যখনই বাবার সঙ্গে তাঁর দেখা হত, পায়ে হাত দিয়ে প্রণাম করতেন। বাবাকে দাদা বলে অভিহীত করেন মোদী। মিস্টার মোদী আমায় বলেছেন, বাবা ওঁর সঙ্গে খুব ভালোভাবে কথা বলতেন। এটা বাবার ডায়েরিতে খুব ইন্টারেস্টিংভাবে উল্লেখ করা হয়েছে”।

শর্মিষ্ঠা এও জানান, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রণব মুখোপাধ্যায় তাঁকে বলেছিলেন, “আপনার আর আমার আদর্শ আলাদা, রাজনীতি আলাদা। আমরা কেউ কারও কাজে হস্তক্ষেপ করব না। আপনাকে দেশের মানুষ ভোটে জিতিয়েছে। সেটাকে মান্যতা দিই। যদি কোনও সাংবিধানিক কাজে আমার সাহায্যের দরকার হয়, আমি সর্বদা প্রস্তুত”। নিজের বইতে এমনটাই উল্লেখ করেছেন প্রণব-কন্যা।  

শুধু তাই-ই নয়, সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারেও মোদীকে নিয়ে প্রণব মুখোপাধ্যায়ের ভাবনা চিন্তার কথা জানান শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। প্রণব-কন্যার কথায়, তাঁর বাবা তাঁকে বলেছিলেন, “নরেন্দ্র মোদী আদ্যোপান্ত একজন রাজনীতিক। তাঁর মতো করে জনগণের পালস খুব কম নেতারা বোঝেন। ইন্দিরা গান্ধীর পর যদি দেশবাসীর পালস কোনও প্রধানমন্ত্রী বুঝে থাকেন, তাহলে তিনি একমাত্র নরেন্দ্র মোদীই। ইন্দিরা গান্ধীর পর মোদীই দেশের যোগ্যতম প্রধানমন্ত্রী”।   

প্রণব-কন্যা নিজের বইতে এও উল্লেখ করেছেন যে ইন্দিরা গান্ধীকে নিয়ে তাঁর বাবার ইতিবাচক ধারণা থাকলেও। রাহুল গান্ধীর কিছু কিছু আচরণ কিন্তু প্রণব মুখোপাধ্যায় মোটেই পছন্দ করতেন না। শর্মিষ্ঠা এও লেখেন যে তাঁর বাবা নিজের ডায়েরিতে এও লিখেছেন, “রাহুল গান্ধীকে সেফগার্ড করার জন্যই সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে নয়, বরং ডঃ মনমোহন সিং-কে বেছে নিয়েছিলেন”।     

RELATED Articles