চালে গিজগিজ করছে পোকা, সেই চালই ধুয়ে রান্না করে খাওয়ানো হচ্ছে শিশুদের, ফের মিড ডে মিল নিয়ে বড় অভিযোগ

রাজ্যে মিড ডে মিল নিয়ে অভিযোগের শেষ নেই। নানান সময় রাজ্যের নানান প্রান্তের স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে মিড ডে মিল নিয়ে নানান অভিযোগ উঠে এসেছে। কখনও মিড ডে মিলের রান্না করা খাবারে মিলেছে পোকা, সাপ, টিকটিকি, তো কখনও আবার অভিযোগ উঠেছে নিম্নমানের খাবার নিয়ে। ফের এক অভিযোগ উঠল এই মিড ডে মিল নিয়ে।

স্কুলের মিড ডে মিল রান্না করার প্রস্তুতি চলছিল। চাল ধুয়ে নিয়ে উনুনে বসাতে যেতেই বিপত্তি। এক অভিভাবক দেখে নেন চালের অবস্থা। সেই চালে গিজগিজ করছে কালো কালো পোকা। আর সেই পোকা ধরা চাল ধুয়েই রান্নার প্রস্তুতি চলছে।

কোথায় ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বরের চাপাডাঙা এলাকার সদ্দার পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এক অভিভাবক জানান, তিনি গত সোমবার সন্তানকে স্কুলে ছাড়তে গিয়েছিলেন। সেই সময় দেখেন পোকাধরা চাল ধুয়েই রান্না করা হচ্ছে রান্নাঘরে। তিনি বাকি অভিভাবক ও গ্রামবাসীদের ডেকে দেখান। এরপর রান্নাঘরে তালা দিয়ে বিক্ষোভ দেখান তারা।

গ্রামবাসীদের আরও অভিযোগ, এই পোকা ধরা চাল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। স্কুলের দিদিমনিরাও এই বিষয়ে কোনও পদক্ষেপ নেন না বলে অভিযোগ অভিভাবকদের। তাদের দাবী, ব্লক প্রশাসন যাতে স্কুলের দিদিমনির অপসারণ এবং মিড ডে মিলের যে খাবার দেওয়া হয় তা খতিয়ে দেখুক।  এরপরই স্কুল খোলা হবে।

এই দাবী তুলে দিদিমণিকে ঘেরাও করেন গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভও দেখানো হয়। এই বিষয়ে স্কুল শিক্ষক বলেন, “এগুলো বাদ দিয়েই খাওয়ানো হয়। আমাদের কাছে ভাল চাল আসে। আমার দরকার পঞ্চাশ কেজি। দেড়শো কেজি চাল দিয়েছে। বেশি হয়েছে। সেই কারণে খারাপ হয়েছে”।

অভিভাবকদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে তারকেশ্বর থানার পুলিশ। এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। তবে এই ধরণের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

RELATED Articles