৫ই আগস্ট ভূমি পুজোর পর নির্মাণ কাজ শুরু হয়েছে দেশের সবচেয়ে বেশি আলোচিত হিন্দু মন্দিরের। আর এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাম মন্দিরের মিউজিয়ামে তুলে ধরা হবে ৫০০ বছরের লড়াইয়ের ইতিহাস। এছাড়া রাম মন্দির আন্দোলনের বিভিন্ন দিকও তুলে ধরা হবে সেখানে।
অযোধ্যায় রাম মন্দিরে প্রবেশ করলেই ভক্তরা যেন ত্রেতাযুগের অস্তিত্বের অনুভূতি পান। এমনটাই চেয়েছিল রাম মন্দির ট্রাস্ট। আর সেই ইচ্ছেমতোই মন্দিরের নির্মাণে ত্রেতা যুগের বিভিন্ন দিক তুলে ধরার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের অন্যতম আকর্ষণ হতে চলা এই হিন্দু মন্দিরের প্রবেশদ্বার হবে চারটি। তার মধ্যে দুটি হবে আপতকালীন। মন্দিরে রামকুঞ্জ ও রাম মিউজিয়াম নির্মাণ করা হবে। সেখানে ত্রেতা যুগের বিভিন্ন কথা তুলে ধরা হবে।
নিকটবর্তী হাইওয়ে থেকে একটি করিডর করা হবে মন্দির পর্যন্ত। সেই করিডর দিয়ে ভক্তরা সোজা মন্দিরে পৌঁছতে পারবেন।
রামকুঞ্জে রামের ১২৫টি মূর্তি স্থাপন করা হবে। সেই মূর্তিগুলি রামায়ণের বিভিন্ন সময়ের কথা তুলে ধরবে। এছাড়া মন্দিরটিকে বিশ্বের সেরা তীর্থক্ষেত্র করার পরিকল্পনা হয়েছে।





