২০২০ সালে ভারতের প্রতিরক্ষা শক্তিতে নতুন মাত্রা যোগ করেছিল ফরাসি যুদ্ধবিমান রাফালে (Rafale)। সেই সময় থেকেই এই বিমান ঘিরে একরাশ প্রত্যাশা ছিল দেশের প্রতিরক্ষা মহলে। দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা ছড়ালেই যুদ্ধবিমান ব্যবহার করে ভারত শক্তি প্রদর্শন করে এসেছে। সম্প্রতি এমনই একটি অভিযান, ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) ঘিরে ফের সরগরম রাজনীতি ও কূটনীতি।
অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান দাবি করে, ভারতের অন্তত তিনটি রাফালে যুদ্ধবিমান তারা ধ্বংস করেছে। এই দাবিকে ঘিরেই আন্তর্জাতিক মহলে নানা চর্চা শুরু হয়। কিন্তু ভারতের তরফে সেই দাবি শুরু থেকেই অস্বীকার করা হয়। প্রতিরক্ষা সূত্রে জানানো হয়, এই দাবি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এবার সেই দাবিকে সরাসরি ‘ভুল’ বললেন যুদ্ধবিমান নির্মাণকারী সংস্থা ডাসল্ট এভিয়েশনের (Dassault Aviation) সিইও এরিক ট্র্যাপিয়ার (Eric Trappier)।
‘চ্যালেঞ্জেস’ নামক ফরাসি ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে এরিক ট্র্যাপিয়ার বলেন, “ভারতের রাফালে যুদ্ধবিমান ধ্বংস করার যে দাবি পাকিস্তান করেছে, তা সম্পূর্ণ ভুল। এমন কোনও ঘটনা ঘটেনি।” তিনি আরও জানান, “আধুনিক যুদ্ধ অভিযানের মূল্যায়ন কেবলমাত্র ক্ষয়ক্ষতির উপর ভিত্তি করে করা যায় না। বরং অভিযান কতটা সফল হয়েছে তা দিয়ে বিচার করা উচিত।” অর্থাৎ ভারতের যে বক্তব্য, পাকিস্তানের দাবি ভুল—এবার সেটিই ফের একবার স্বীকৃতি পেল ফ্রান্সের তরফে।
এরিক ট্র্যাপিয়ার আরও বলেন, “রাফালে বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান। এটি আকাশপথেই শত্রুপক্ষকে রুখে দিতে পারে। এমনকি পারমাণবিক বোমা পরিবহণেও সক্ষম রাফালে।” উল্লেখযোগ্যভাবে, রাফালে এতটাই প্রযুক্তিগতভাবে উন্নত যে এটি মার্কিন এফ-৩৫ কিংবা চিনা যুদ্ধবিমানগুলির চেয়েও অনেক বেশি কার্যকর। ফলে অপারেশন সিঁদুরে রাফালের অংশগ্রহণ ভারতের জন্য কৌশলগত দিক থেকে ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুনঃ BJP : “এই ঘটনা প্রমাণ করে প্রশাসন সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট” — রাতদুপুরে বিজেপি অফিসে হানার পর সরব শুভেন্দু অধিকারী!
রাফালের অন্তর্ভুক্তির পর অপারেশন সিঁদুরই ছিল প্রথম বড় যুদ্ধাভিযান যেখানে এই বিমানকে প্রধান ভূমিকায় ব্যবহার করা হয়। এই অভিযানে ভারতীয় বায়ুসেনা রাফালের মাধ্যমে শত্রুর অবস্থানে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়। ফলে, পাকিস্তানের মিথ্যা প্রচার ব্যর্থ হয়েছে। বরং এই অভিযানের মাধ্যমে প্রমাণ হয়েছে—রাফালের ক্ষমতা ও ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি কতটা দৃঢ়। কূটনৈতিক দিক থেকেও এই ব্যাখ্যা ভারতের এক বড় জয়।





