এর আগে রেশন পরিষেবাকে আরও বেশি সক্রিয় করতে সিএসসির সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর কড়া হয় কেন্দ্রীয় সরকারের খাদ্য বণ্টন মন্ত্রকের তরফে। এর ফলে যে কোনও রকমের কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে রেশন কার্ডের ভুল সংশোধন, নতুন রেশন কার্ডের জন্য আবেদন, আধার ও রেশন কার্ডের সংযুক্তিকরণ-সহ নানান পরিষেবা পাচ্ছেন গ্রাহকরা।
শুধু তাই-ই নয়, পিডিএস রেশন দোকানগুলি থেকে পাসপোর্ট, প্যানকার্ড, জল, বিদ্যুৎ ও আরও নানান পরিষেবার বিলও দেওয়ার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। আর এবার রেশন ডিলারদের আয় বাড়াতে এক বড় পদক্ষেপ নিল মোদী সরকার। এবার থেকে রেশন দোকান থেকেই পাওয়া যাবে ছোটো এলপিজি সিলিন্ডার।
গতকাল, বুধবার রাজ্য সরকারগুলির সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় খাদ্যসচিব সুধাংশু পাণ্ডে। এই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অয়েল, সিএসসি ই-গভর্ন্যান্স, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম-সহ নানান সংস্থার প্রতিনিধিরা।
এই বৈঠকে বলা হয় যে গোটা দেশে এখন আপাতত প্রায় ৫.২৬ লক্ষ রেশন দোকান রয়েছে। এই সমস্ত দোকানগুলিকে কাজে লাগাতে পারলে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া অনেক বেশি সহজ হবে।
খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রক একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে কেন্দ্র সরকার রেশন ডিলারদের আয়ের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে এই রেশন দোকানগুলি ব্যবহার করে যাতে সাধারণ মানুষের কাছে সরকারি ও আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া যেতে পারে, সেই কারণেই এই উদ্যোগ। রেশন দোকানগুলির মাধ্যমেই যাতে ছোটো এলপিজি সিলিন্ডার পাইকারি দামেই বিক্রি করা যায়, এর জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্র।
এছাড়াও জানানো হয়েছে যে এবার থেকে রেশন ডিলারদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করার কথা ভাবছে কেন্দ্র সরকার। এর জেরে গোটা দেশে নানা রেশন দোকানগুলি আরও বেশি সক্রিয় হয়ে উঠবে। এর জেরে সাধারণ মানুষকে পরিষেবা পাওয়ার জন্য দূরদূরান্তে যেতে হবে না। বিশেষত, গ্রামের দিকে এই পরিষেবা চালু হলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবে।





