নাম দিয়েছেন প্রজেক্ট ‘পঙ্খ’। এই উদ্যোগের মাধ্যমে দিল্লির নিষিদ্ধ পল্লী বলে পরিচিত জিবি রোডের যৌনকর্মীদের কন্যা সন্তানদের সাহায্য করতে এগিয়ে এলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমান বিজেপির সাংসদ গৌতম গম্ভীর। ২২ গজ তাঁর দাপটের সাক্ষী থেকেছে। আর এবার রাজনীতির ময়দানে নিজের গ্রহনযোগ্যতা দিন দিন বাড়াচ্ছেন গম্ভীর। সেই সঙ্গে সমানতালে সমাজসেবামূলক কাজেও সামিল হয়েছেন তিনি। এই প্রজেক্ট পঙ্খের মাধ্যমে যৌনকর্মীদের মেয়েদের পড়াশোনা, স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া হবে। ২৫টি নাবালক মেয়ের দায়িত্ব নেবেন তিনি। চলতি সময়ে ইতিমধ্যেই ১০টি মেয়েকে বাছাই করা হয়েছে যারা বিভিন্ন সরকারি স্কুলে পড়াশোনা করছে।
এই উদ্যোগের ব্যাপারে গম্ভীরের বক্তব্য সমাজে প্রত্যেকেরই সম্মানের সঙ্গে সুন্দর, ভদ্র জীবন যাপনের অধিকার আছে। এই মেয়েরা যাতে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে, সেইজন্যই ওঁদের আরও সুযোগ সুনিশ্চিত করতে চাই। ওদের জীবনযাপন, শিক্ষা ও স্বাস্থ্যের ভার নেব। ওঁদের স্কুলের ফি, ইউনিফর্ম, খাবার, মেডিকেল সহায়তা, কাউন্সেলিং স্পনসর করব, যাতে ওঁদের স্বপ্ন সফল হয়।
২০১৮ সালে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ত্যাগের পর ব্যক্তিগত ও রাজনৈতিক স্তরে দানধ্যানমূলক কাজ নিয়মিত করে চলেছেন গম্ভীর। পঙ্খ প্রজেক্ট নিয়ে তিনি বলেছেন, ৫ থেকে ১৮র মেয়েদের নিয়মিত কাউন্সেলিং করানো হবে যাতে ওরা পড়াশোনা সম্পূর্ণ করতে পারে। অন্যদেরও তিনি এ ব্যাপারে সাহায্যের হাত বাড়ানোর আবেদন করেছেন তিনি।





