রবিবার উত্তর প্রদেশের গাজিয়াবাদের মোদী নগরে এক পটকা কারখানায় আচমকা বিস্ফোরণে মারা গেলেন সাত জন।
গাজিয়াবাদের পুলিশ সুপার নীরজ কুমার জাদাউন জানিয়েছেন, হঠাৎই ওই কারখানায় আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনায় এক মহিলা-সহ সাত জন মারা গেছেন। পাশাপাশি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ৪ জন।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার দিন কারখানায় ২০-২৫ জন শ্রমিক এক পার্টিতে ফাটানোর পটকা বানাচ্ছিলেন। সেই সময়ই তীব্র বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার পর আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই পটকা কারখানার মালিক নিখোঁজ রয়েছেন। তাই মালিকের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে কারখানার সমস্ত নথিপত্রও।
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, ওই কারখানা বেআইনিভাবে গড়ে উঠেছিল। কোনও বৈধ লাইসেন্সও নেই। এমনকি সেখানে যারা কাজ করেন তারা কোনও সতর্কতামূলক নিরাপত্তাবিধি মেনে চলে না।
তাঁর বক্তব্য, ‘কারখানাটি সম্পূর্ণ অবৈধ ভাবে চলছিল। এমনকি কিছু দিন আগে কারখানায় পুলিশ হানাও দেয়। কিন্তু তার পরেও তা আগের মতই চলতে থাকে। স্থানীয় পুলিশ গোটা বিষয়টিই জানে।’





