আজ ‘এরো ইন্ডিয়া ২০২১’ অনুষ্ঠানের প্রথম দিনে জাতীয় বিমান নির্মাণ সংস্থা হিন্দুস্তান এরোনটিকস লিমিটেড (HAL) সংস্থার সঙ্গে ভারতীয় বায়ুসেনার জন্য ৮৩টি এলসিএ এমকে-১এ ‘তেজস জেট’ কেনার জন্য ৪৮,০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করার পথে কেন্দ্র। গতকাল অর্থাৎ মঙ্গলবার ওয়াকিবহাল সূত্রে এই তথ্য মিলেছে।
গত মাসের ১৩ তারিখ প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি ভারতীয় বায়ুসেনার জন্য ৮৩টি অত্যাধুনিক তেজস জেট কেনার বিষয়ে সম্মতি জানায়। সেই সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই চুক্তিকে বৃহত্তম দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ চুক্তি হিসেবে বর্ণনা করেছেন। তিনি দাবি করে জানিয়েছিলেন, এই বরাত ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বৃহত্তম।
এই ৮৩টি লাইটকমব্যাট এয়ারক্র্যাফ্ট বা এলসিএ এমকে-১এ জেটের মধ্যে ৭৩টি যুদ্ধবিমান এবং ১০টি ট্রেনার এয়ারক্র্যাফ্ট। এই নিয়ে HAL-এর থেকে মোট ১২৩টি তেজস জেট কেনা হল।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বায়ুসেনার ফরমায়েশ দেওয়া ৪০টি এলসিএ বিমান কেনার জন্য প্রাথমিক ছাড়পত্র এবং চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
ওয়াকিবহাল সূত্র জানিয়েছে, প্রতিটি এমকে-১এ জেটের অত্যাধুনিক সংস্করণে থাকছে ডিজিটাল রাডার ওয়ার্মিং রিসিভার, এক্সটার্নাল সেল্ফ-প্রোটেকশন জ্যামার পড, অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড অ্যারে (AESA) রাডার, অ্যাডভান্সড বিয়ন্ড-ভিস্যুয়াল-রেঞ্জ ক্ষেপণাস্ত্র এবং অত্যন্ত উন্নত মানের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা রয়েছে।





