চাষার ছেলেকে বিয়ে করলেই মেয়েরা পাবেন ২ লক্ষ টাকা, অদ্ভুত প্রতিশ্রুতি দিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী

আর ঠিক একমাস পরই বিধানসভা নির্বাচন (Assembly Election) রয়েছে কর্ণাটকে (Karnataka)। ভোটারদের মন জয় করতে নানান ধরণেরই সব প্রতিশ্রুতি দিচ্ছে নানা রাজনৈতিক দলগুলি। তবে এবার কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী (H D Kumaraswamy) যে প্রতিশ্রুতি দিলেন, তা শুনে বেশ অবাক হয়েছেন সকলে। তাঁর সেই প্রতিশ্রুতি বেশ অদ্ভুত বলা যেতে পারে।

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী জানিয়েছেন যে সে রাজ্যে জেডি(এস) যদি ক্ষমতায় আসে, তাহলে মহিলাদের জন্য চালু করা হবে বিশেষ এক ভাতা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, যেসমস্ত মেয়েরা কৃষকের ছেলেকে বিয়ে করবেন, তাদের এককালীন দু’লক্ষ টাকা দেওয়া হবে।

কিন্তু কেন এমন অদ্ভুত প্রতিশ্রুতি? জানা গিয়েছে, কর্ণাটকে নাকি কৃষকের ছেলেদের বিয়ে করার প্রতি অনীহা জন্মেছে মেয়েদের। সেই কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কুমারস্বামী। তিনি বলেন, “আমি শুনেছি আমাদের রাজ্যে মেয়েরা কৃষক সন্তানদের বিয়ে করতে চাইছে না। কৃষকদের অপমান করা হচ্ছে”।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, “তাই কৃষক বাড়ির ছেলেদের সম্মান বাঁচাতে আমরা অভিনব সিদ্ধান্ত নিচ্ছি। জেডিএস ক্ষমতায় এলে সরকার সেইসব মেয়েদের এককালীন ২ লক্ষ টাকা করে দেবে যারা কৃষক সন্তানকে বিয়ে করবেন। এর ফলে পুরুষদের আত্মসম্মান বজায় থাকবে”। কুমারস্বামীর এমন ঘোষণা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বেশ শোরগোল শুরু হয়ে গিয়েছে।

বলে রাখি, আগামী ১০ই মে নির্বাচন রয়েছে কর্ণাটকে। নির্বাচনে বিজেপি ও কংগ্রেসের পাশাপাশি লড়াই করছে জেডি(এস)ও। রাজনৈতিক মহলের মতে, এবারের নির্বাচনেও জেডিএস কর্ণাটকে কিংমেকারের ভূমিকা নেবে। কুমারস্বামীর দাবী, বিজেপি ও কংগ্রেসের তরফে ইতিমধ্যেই তাঁর সঙ্গে যোগাযোগ করা শুরু হয়ে গিয়েছে। দলের অভ্যন্তরীণ সমীক্ষা অনুযায়ী, জেডি(এস) কর্ণাটকে ২৫-৩৫টি আসন পেতে পারে।

RELATED Articles