২ দিনে তিনবার পিছিয়ে ৩০ মিনিটের মধ্যেই শেষ আর জি করের শুনানি, চার সপ্তাহের মধ্যে সিবিআইকে রিপোর্ট জমার নির্দেশ, আর কী জানাল সুপ্রিম কোর্ট?

গত মঙ্গলবার ধার্য করা ছিল আর জি কর মামলার শুনানির তারিখ। কিন্তু সেদিন শুনানি স্থগিত হয়ে যায়। এরপর বুধবার ২বার সময় দিলেও হয়নি শুনানি। আজ, বৃহস্পতিবার অবশেষে সুপ্রিম কোর্টে উঠল আর জি করের মামলা। এদিন দুপুর ২টোর কিছু পরই এই মামলা ওঠে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়র ডিভিশন বেঞ্চে।

এদিন সব পক্ষের রিপোর্ট খতিয়ে দেখেন প্রধান বিচারপতি। গত মঙ্গলবারই আর জি কর মামলার স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। এদিন সেই রিপোর্ট দেখে সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। আগামী চার সপ্তাহের মধ্যে সপ্তম স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে।

এদিন টাস্ক ফোর্সও জমা দেয় রিপোর্ট। সেই রিপোর্ট নিয়ে সওয়াল করেন জুনিয়র ডাক্তারদের পক্ষের আইনজীবী ইন্দিরা জয়সিং। বলেন, “টাস্ক ফোর্সের রিপোর্টে কোনও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়নি, তারা কীভাবে এটি বাস্তবায়ন করবে সে সম্পর্কে কিছুই নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মামলার সঙ্গে জড়িত এমন অনেক স্টেক হোল্ডার আছেন, যাঁদের সঙ্গে পরামর্শই করা হয়নি। সমস্ত মেডিক্যাল বা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে পার্টি হিসেবে যুক্ত করা উচিত এই মামলায়”।  

এই রিপোর্ট রাজ্যের মুখ্যসচিবকে পাঠানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানান, এই রিপোর্ট দেখে যদি মুখ্যসচিবরা কোনও পরামর্শ থাকলে দিতে পারেন। তিনি এও জানান, জাতীয় টাস্ক ফোর্সের রিপোর্ট সব বিশ্ববিদ্যালয়কে পাঠাতে হবে মুখ্যসচিবকে। নির্দেশ দেওয়া হয় তিন সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে।

এদিন বিরোধী পক্ষের আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, “৯০ দিন পেরিয়ে গিয়েছে ঘটনার পরে। তদন্তে এখনও কোনও অগ্রগতি নেই”। জবাবে প্রধান বিচারপতি জানান, তদন্ত চলছে। চার্জশিট দেওয়া হয়েছে। এদিন আদালতে সরকারের পক্ষের আইনজীবী কপিল সিব্বল জানান, রাজ্য সরকার চায় এই তদন্ত দ্রুত শেষ হোক। দ্রুত দোষীদের শাস্তি হোক।

আর জি কর মামলা বাংলার বাইরে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার দাবী জানাচ্ছিল সিবিআই। তবে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, আর জি কর মামলা অন্য কোনও রাজ্যে সরানো যাবে না। প্রধান বিচারপতি স্পষ্টভাষায় বলেন, “আমরা মণিপুরের মতো ঘটনায় এরকম করেছি। কিন্তু এই মামলায় আমরা এরকম কিছু করব না। মামলার কোনও স্থানান্তর হবে না”।

আরও পড়ুনঃ শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার হোটেলে রমরমিয়ে চলছিল মধুচক্র, হাতেনাতে ধরল পুলিশ, গ্রেফতার ৪ মহিলা-সহ ম্যানেজার

শিয়ালদহ আদালতে আর জি কর মামলায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। আগামী ১১ নভেম্বর এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। এদিন অর্থাৎ ১১ নভেম্বরই সুপ্রিম কোর্টে হবে আর জি কর মামলার পরবর্তী শুনানি। তবে ১০ নভেম্বর অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ফলে আর জি কর মামলার আগামী শুনানি হতে চলেছে নতুন প্রধান বিচারপতির বেঞ্চে।    

RELATED Articles