করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানো রুখতে কেন্দ্র সরকার লকডাউন জারি করেছে। যার জেরে বন্ধ রয়েছে কত শত অফিস, কারখানা। তার ফলে বহু মানুষের হাতে আজ টাকা নেই। গরিবরা কাজ হারিয়ে খিদের জ্বালায় কষ্ট পাচ্ছে বলে জানিয়ে ট্যুইটার-এ সরব পি চিদম্বরম। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ট্যাগ করে একগুচ্ছ ট্যুইট করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষ নেতা। মানুষের হাতে এখন নগদ টাকা নেই খাবার কেনার মতো। এমতাবস্থায় বিনা পয়সায় রান্না করা খাবারের জন্য লাইনে দাঁড়াচ্ছেন বহু মানুষ। চিদম্বরম তার ট্যুইটে গরিবকে নগদ টাকা ও বিনামূল্যে খাদ্যশস্য বিলি করার আবেদন করেছেন।
https://twitter.com/PChidambaram_IN/status/1251711938935107585
চিদম্বরমের দাবি, তিনি অর্থনীতি সংক্রান্ত ও নৈতিক দুটি প্রশ্নই রেখেছেন সরকারের কাছে। যার উত্তর বর্তমান সরকার দিতে অক্ষম। সারা দেশের অসহায়তা দেখেই তিনি দুটি প্রশ্ন তুলেছেন বলে দাবি তার।
প্রথম প্রশ্ন, প্রতিটি গরিব পরিবারের হাতে কেন সরকার অর্থ তুলে দিতে পারছে না?
এবং দ্বিতীয় প্রশ্ন, গরিবকে খাওয়াতে সরকার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গুদামে মজুত খাদ্যশস্য ব্যবহার করছে না কেন? তিনি ট্যুইট করেছেন, কেন সরকার প্রতিটি গরিবকে ক্ষুধার কবল থেকে বাঁচাতে, নগদ টাকা হস্তান্তর করে তাদের সম্মান রক্ষা করতে পারছে না? এফসিআইয়ের ভান্ডারে মজুত ৭৭ মিলিয়ন টন খাদ্যশস্যের যে বিপুল ভান্ডার আছে তা কেন পরিবারগুলিকে বিনামূল্যে বিলি করতে পারছে না সরকার?
https://twitter.com/PChidambaram_IN/status/1251753365530390528
প্রসঙ্গত, লকডাউনের জন্য অন্যরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমজীবী মানুষ তাদের বাড়ি ফিরতে পারছেন না। তাদের হাতে যথাযথ অর্থও নেই, ফলে একদিকে তাদের পেটে ভাত জুটছে না, অন্যদিকে বাড়ি ভাড়া না দিতে পারায় তাদের বাসস্থান থেকে উৎখাত করছে বাড়ির মালিকরা। তাই হাজার হাজার মাইল দূরে গ্রামের বাড়ির দিকে হাঁটা শুরু করেছিলেন তাঁরা। কিন্তু সবার বাড়ি ফেরা হয়নি। ক্লান্তিতে অনেকেই মারা যান। এই অবস্থা কি সরকার দেখছে না? তাহলে কিছু করছে না কেন বলে দাবি তোলেন তিনি।





