‘মন্দির কোনও টুরিস্ট না পিকনিক স্পট নয়’, তামিলনাড়ুর মন্দিরে প্রবেশ করতে পারবেন না অহিন্দুরা, নির্দেশ হাইকোর্টের

মন্দির কোনও টুরিস্ট স্পট বা পিকনিক স্পট নয়। যে কেউ যখন তখন ঢুকতে পারে না এখানে, এমনটাই মন্তব্য করল মাদ্রাজ হাইকোর্ট। সমস্ত হিন্দু মন্দির চত্বরে যাতে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করা হয়, তেমনটাই এইচআরঅ্যান্ডসিই-কে নির্দেশ দিলেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এস শ্রীমতী। মন্দিরগুলির বাইরে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করতেও বলা হয়েছে।   

কেন হঠাৎ এই নির্দেশ?

ডি সেন্থিকুমার নামের এক ব্যক্তি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর আর্জি ছিল যাতে আরুলমিগু পালানি ধ্যান্দাউথাপানি স্বামী মন্দির ও পালানির উপ-মন্দিরগুলিতে শুধুমাত্র হিন্দুদেরই প্রবেশ করতে দেওয়া হয়। হিন্দুরা যাতে কোনওরকমের বিঘ্ন ছাড়াই পূজা-অর্চনা করতে পারেন, সেই কারণেই এমন আর্জি জানানো হয়েছিল আদালতে।

সেই আর্জিতেই এবার সিলমোহর দিল মাদ্রাজ হাইকোর্ট। হিন্দুরা যাতে সুষ্ঠুভাবে মন্দিরে গিয়ে পুজো করতে পারেন, কোনও অসুবিধায় যাতে তাদের পড়তে না হয়, সেই কারণেই এবার এমন নির্দেশ দিয়েছেন বিচারপতি, এমনটাই খবর।   

আদালতের তরফে এও নির্দেশ দেওয়া হয়েছে যে মন্দির চত্বরে বোর্ড লাগাতে হবে। সমস্ত গুরুত্বপূর্ণ স্থানেই সেই বোর্ড থাকবে। সেই বোর্ডে লেখা থাকবে যে কোনও অহিন্দুরা মন্দিরে প্রবেশ করতে পারবেন না।

আদালতের নির্দেশে এও জানানো হয়েছে, যদি কোনও অহিন্দু মন্দিরে প্রবেশ করার ইচ্ছাপ্রকাশ করেন, তাহলে তাঁকে আগে নিশ্চিত করতে হবে যে তিনি হিন্দু ধর্মের প্রথাতে বিশ্বাস করেন। তারপরই তাঁকে মন্দিরে প্রবেশের অনুমতি দেবে মন্দির কর্তৃপক্ষ। শুধুমাত্র উক্ত মন্দিরগুলিই নয়, ওই অঞ্চলের সমস্ত মন্দিরের উপরেই এই নিয়ম লাগু করা হয়েছে বলে জানা গিয়েছে।  

আরও অন্যান্য খবর