“আপনি নামাজ পড়ে নিন, আমি অপেক্ষা করছি”, এক ক্যাব চালককে এমনটাই বললেন এক হিন্দু মহিলা। শুধু তাই-ই নয়, তাঁর নামাজ পড়ার জন্য ক্যাব চালককে নিজের সিটও ছেড়ে দেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। সেই ঘটনা বেশ ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়।
চলছে পবিত্র রমজান মাস। এই সময় নামাজ পড়ার উপর বিশেষ জোর দেন মুসলিমরা। কিন্তু অনেকেই পেশাগত ব্যস্ততার কারণে নিয়মিত নামাজ পড়ে উঠতে পারেন না। ক্যাব চালকদের ক্ষেত্রেও এমনটাই ঘটে।
প্রিয়া সিং নামে ওই মহিলা একটি পোস্টে জানান, “আমি বিমানবন্দর থেকে উবারে উঠি। ১০ মিনিট পরেই চালকের মোবাইলে আজান বাজতে শুরু করে। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, আমাকে কি নমাজ পড়তে হবে? তিনি উত্তরে জিজ্ঞেস করলেন, আমি পড়তে পারি? আমি তখন গাড়িটি রাস্তার পাশে দাঁড় করাতে বললাম। সামনের সিটে গিয়ে বসলাম। ওঁকে পিছনের সিটে নমাজ পড়তে ব”লাম”।
তিনি আরও লেখেন, “ভারত সম্পর্কে বাবা-মা আমাকে এটাই শিখিয়েছিলেন। আমরা দীর্ঘদিন ধরে ঐক্যের বিষয়ে নানা আলোচনাই করে চলেছি”।
সকলে যাতে এই বিষয়ে অনুপ্রাণিত হন, সেই কারণে তিনি ছবি তুলে তা পোস্ট করেছেন বলে জানান প্রিয়া সিং। তিনি এও জানিয়ে দেন যে ছবি তুলে পোস্ট করার জন্য তিনি ক্যাব চালকের অনুমতিও নিয়েছেন।





