দেশজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। নিত্যদিন বাড়ছে সংক্রমণের সংখ্যা। দৈনিক সংক্রমণের হার ছাড়িয়েছে আড়াই লাখ। এরইমধ্যে করোনার নতুন প্রজাতি মাথাচাড়া দিয়েছে। যার ফলে আরও বেশি চিন্তায় পড়েছেন চিকিৎসক মহল। এরইমধ্যে খানিকটা স্বস্তি আশ্বাস দিল আইসিএমআর। সেখানকার গবেষকদের মতে, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন করোনার নানান প্রজাতিকে বিনাশ করতে সক্ষম। এর জেরে নিশ্চিন্ত দেশের মানুষ-সহ চিকিৎসক মহল।
করোনার প্রথম প্রজাতির মতোই পরের প্রজাতিগুলোর প্রকোপও বেড়েছে। এই সময় আইসিএমআর-এর এই বার্তা গবেষক, চিকিৎসক মহল সহ দেশের মানুষকে অনেকটাই নিশ্চিন্ত করেছে। ২০২০-র মার্চ মাস থেকে শুরু হয় করোনার প্রকোপ। তার পর থেকেই দিন রাত এক করে সারা বিশ্বের বিজ্ঞানী মহল গবেষণা শুরু করেন। অবশেষে এবছর জানুয়ারি মাস থেকে ভারতে শুরু হয় টিকাকরণ। ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এবং অক্সফোর্ডের কোভিশিল্ড এই দুই টিকা দেওয়া শুরু হয়। সম্প্রতি, রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি-কেও এদেশে অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন-ভরসা ডাবল মাস্কিং! করোনার হাত থেকে বাঁচার জন্য ব্যবহার করুন জোড়া মাস্ক, কীভাবে? জেনে নিন
যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, এবং বিগত কয়েকদিনে বিভিন্ন জায়গায় বেশ কিছু টিকা খারাপ হয়ে যাওয়ায় কয়েকটি রাজ্যে ভ্যাকসিনের ঘাটতি দেখা গিয়েছে। এর মধ্যে সম্প্রতি কেন্দ্র ঘোষণা করেছে আগামী ১লা মে থেকে ১৮ বছরের উর্ধ্বে যে কেউ করোনা টিকা নিতে পারবেন।
আজ, বুধবার, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া জানিয়েছে, এবার সরকারি হাসপাতালে কোভিশিল্ড টিকা মিলবে ৪০০ টাকায়। বেসরকারি হাসপাতালগুলিতে এই টিকা বিক্রি হবে ৬০০ টাকায়।
আরও পড়ুন-করোনা-হানায় ত্রস্ত দেশে ঘর ঠান্ডা রাখার যন্ত্রটিও হয়ে উঠছে সাক্ষাৎ ভিলেন!
তবে কেন্দ্র আগের নির্ধারিত মূল্য অর্থাৎ ডোজ প্রতি ১৫০ টাকাতেই এই টিকা পাবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হাসপাতালেই সবথেকে সস্তায় মিলবে এই টিকা। সেরাম ইনস্টিটিউটের দাবী, দাম বাড়লেও এই টিকা বিদেশের টিকার থেকে দামে অনেকটাই সস্তা। বিদেশে ডোজ প্রতি টিকার দাম ৭৫০ থেকে ১৫০০ টাকা বলে দাবী সেরাম ইনস্টিটিউটের। কিন্তু কেন্দ্রে আগের নির্ধারিত দামে কোভিশিল্ড মিললেও রাজ্যে কেন এর দাম বাড়ল, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর বিতর্ক।





