এবার করোনা পরীক্ষার রিপোর্ট মিলবে মাত্র ৪৫ মিনিটেই, যুগান্তকারী আবিষ্কার আইআইটি খড়গপুরের, বাজারে আসছে কোভির‍্যাপ

করোনার দ্বিতীয় ঢেউ যে হারে গোটা দেশে ছড়িয়ে পড়েছে, এর জেরে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ করোনা পরীক্ষা করাচ্ছেন। রিপোর্ট পজিটিভ আসছে প্রায় ৩-৪ লক্ষের। এই রাজ্যেও প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন এই মারণ ভাইরাসে।

এই পরিস্থিতি ভরসা আরটি-পিসিআর বা র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট। কিন্তু অনেকের ক্ষেত্রেই র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেও, আরটি-পিসিআরের রিপোর্ট পজিটিভ আসছে। এর উপর আরটি-পিসিআরের রিপোর্ট পেতেও ১-২ দিন সময় লাগছে। আরটি-পিসিআরের রিপোর্টের জন্য ল্যাবগুলিতে বিশাল চাপেরও সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন- ভরসা বায়ুসেনা, অক্সিজেনের আকাল মেটাতে জার্মানি, সিঙ্গাপুর থেকে প্লান্ট আনবে বায়ুসেনার বিশেষ বিমান

এই অবস্থায় মাত্র ৪৫ মিনিটেই জানা যাবে করোনার রিপোর্ট, এমনই একটি যন্ত্র আবিষ্কার করল আইআইটি খড়গপুর। এই যুগান্তকারী আবিষ্কার খুব দ্রুতই বাজারজাত হতে চলেছে বলে জানা গিয়েছে। এই যন্ত্র, কোভির‍্যাপের সাহায্যে মাত্র ৪৫ মিনিটেই জানা যাবে আপনার করোনা রিপোর্ট নেগেটিভ না পজিটিভ। আইআইটি সূত্রে জানা গিয়েছে, দ্রুত ও কম খরচে করোনার ‘রাইবো নিউক্লিক অ্যাসিড’ পরীক্ষার মাধ্যমে নিখুঁত রিপোর্ট মিলবে কোভির‍্যাপের মাধ্যমে।

প্রসঙ্গত, করোনার প্রথম পর্যায়ের সংক্রমণের পরই, দ্রুতগতিতে এবং কম খরচে করোনা পরীক্ষা করার বা আরএনএ পরীক্ষার মাধ্যমে রিপোর্ট পাওয়ার গবেষণা চালিয়ে যাচ্ছিল আইআইটি খড়্গপুর। এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুমন‌ চক্রবর্তীর। তাঁর দাবী, বর্তমানে করোনা পরীক্ষার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় তা হয় ব্যায়বহুল, না হয় সময়সাপেক্ষ। প্রয়োজন হয় উপযুক্ত পরিকাঠামো ও দক্ষ কর্মীর। তাই গবেষণা চালানো হচ্ছিল, কিভাবে সহজে ও স্বল্প খরচে নিখুঁত রিপোর্ট পাওয়া যায় তা নিয়ে। তবে, নানা পরীক্ষা-নিরীক্ষার পর বাজারজাত করার ছাড়পত্র মিলেছে গত ২১শে এপ্রিল।

উল্লেখ্য, দিনকয়েক আগেই আমেরিকার একটি সংস্থাকে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে এই প্রযুক্তি দেওয়া হয়েছে আইআইটি খড়্গপুরের তরফে। তাঁরা এবার এ-ই যন্ত্র বাজারজাত করবে।

আরও পড়ুন- অক্সিজেন চাহিদা মেটাতে মরিয়া কেন্দ্র, নানান রাজ্যে অক্সিজেন ট্যাঙ্কার পরিবহণের জন্য বিশেষ করিডোরের নির্দেশ

অন্যদিকে, রাজধানী দিল্লির একটি সংস্থাকেও এই প্রযুক্তি দেওয়া হয়েছে। কাজেই ২-৩ মাসের মধ্যে এ দেশের বাজারেও এসে যাবে “কোভির‍্যাপ”। অধ্যাপক সুমন‌ চক্রবর্তী জানিয়েছেন, এই যন্ত্রের মাধ্যমে মাত্র ৪৫ মিনিটে নিখুঁত ফলাফল পাওয়া যাবে।

RELATED Articles