নেট পরিষেবায় আসতে চলেছে বিরাট পরিবর্তন। ৪জি পর ভারতে আসতে চলেছে ৫জি। চলতি সপ্তাহের সোমবার ভারতে ৫জি স্পেকট্রামের নিলাম সম্পন্ন হয়েছে। আর ওইদিন কেন্দ্রের টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়ে দিলেন, চলতি বছরের অক্টোবর মাসেই ভারতে আসছে ৫জি পরিষেবা।
গত সোমবার নিলামে সবচেয়ে বেশি টাকার স্পেকট্রামের বরাত পেয়েছে মুকেশ অম্বানীর রিলায়েন্স জিও। মোট ৮৮ হাজার ৭৮ কোটি টাকার বরাত পেয়েছে রিলায়েন্স। আগামী ১০ অগস্টের মধ্যে সেই স্পেকট্রাম বরাদ্দ করে দেওয়া হবে জানিয়েছেন টেলিকম মন্ত্রী।
২৬ জুলাই থেকে শুরু হওয়া এই নিলামে মোট ৭২ হাজার ৯৮ মেগাহার্টজের নিলাম হয়। যার মধ্যে ৭১ শতাংশ বিক্রি হয়েছে। নিলামের এই দৌড়ে অম্বানীর সঙ্গে ছিলেন আরও এক শিল্পপতি গৌতম আদানি।
তবে আদানি গ্রুপের স্পেকট্রামের পরিমাণ এক শতাংশের কম। যার বরাত ২১২ কোটি টাকা। এর পাশাপাশি স্পেকট্রাম কিনেছে এয়ারটেল, ভোডাফোনের মতো টেলিকম সংস্থাগুলি।





