দেশে করোনা হানায় মৃত্যু হল একজনের। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ জন। শনিবার রাতে মহারাষ্ট্রে ৬৩ বছর বয়সী একজন করোনা আক্রান্ত মারা যান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক থেকে রবিবার জানানো হয় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৬ জন।
গ্রেটার মুম্বাইয়ের পুরসভা থেকে জানানো হয়েছে ওই ব্যক্তি ১৯ মার্চ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। শনিবার রাত ১১ টা বেজে ৩ মিনিটে তিনি মারা যান। হাসপাতাল সূত্র জানিয়েছে, এই রোগীর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ধারাবাহিক সমস্যা ছিল। যার ফলে তিনি করোনার বিরুদ্ধে যুঝতে পারেননি।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় দফার মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। এই পরিস্থিতিতে দেশে মোট ৭২ ল্যাবরেটরি চালু করা হয়েছে। সংস্থার ডিরেক্টর ডা বলরাম ভার্গব জানিয়েছেন, এই সপ্তাহের শেষ দিকে আরও ৪৯ টি ল্যাবরেটরি চালু করা হবে। দেশের সব ল্যাবের জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে। বেসরকারি ল্যাবগুলিকেও করোনা ভাইরাস টেস্ট করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে।
করোনা ভাইরাস ঠেকাতে ইতিমধ্যেই দেশের সমস্ত সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আন্তর্জাতিক সীমান্ত তো বটেই আন্তঃরাজ্য সীমান্তেও চেকপোস্ট বসিয়েছে। বিমানবন্দরেও জারি হয়েছে কড়া সতর্কতা। ১৫ই এপ্রিল পর্যন্ত বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। নিষিদ্ধ করা হয়েছে সমস্ত জমায়েত, বন্ধ শপিং মল ও অন্যান্য জায়গা।





