Operation Sindoor : “পাকিস্তানের ১০০ কিমি ভিতরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস!”—অপারেশন সিঁদুর নিয়ে অমিত শাহের গর্জনে উত্তাল দেশ!

দেশ যখন সুরক্ষার প্রশ্নে দাঁড়ায়, তখন সমস্ত রাজনৈতিক মতপার্থক্য ভুলে একজোট হয়ে যায় ভারতের কোটি কোটি মানুষ। সীমান্তের ওপারে যদি হুমকি আসে, তাহলে তার উত্তর যে কেবল সীমান্তে দেওয়া হয় না—তা ভারতের ইতিহাসই প্রমাণ। হঠাৎ কোনও জঙ্গি হামলা, বিস্ফোরণ বা হুমকি—সবই দেশের জনমানসে আতঙ্ক ছড়ালেও, প্রতিবারই উঠে এসেছে একটি প্রশ্ন—ভারত কবে প্রত্যাঘাত করবে? এবার সেই প্রশ্নের জবাব যেন হাতে তুলে দিল ‘অপারেশন সিঁদুর’।

শহিদ জওয়ানদের জন্য মোমবাতি মিছিল, সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার বার্তা বা টিভির পর্দায় উত্তাল বিতর্ক—এসবের বাইরেও থেকে যায় একটাই চাওয়া—‘কড়া জবাব চাই’। জনতার সেই আবেগকেই যেন নতুন করে উসকে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমন এক সাহসিক অভিযানের কথা তিনি প্রকাশ্যে আনলেন, যা শুধুমাত্র সেনাবাহিনীর কৃতিত্ব নয়—ভারতের আত্মবিশ্বাস ও ক্ষমতার প্রতিচ্ছবি।

গান্ধীনগরের এক সরকারি প্রকল্প উদ্বোধনে এসে অমিত শাহ বলেন, ‘‘স্বাধীনতার পর এই প্রথম ভারতের সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনা একসঙ্গে এমন প্রত্যাঘাত করেছে যা পাকিস্তানের কল্পনাতেও ছিল না।’’ তিনি জানান, ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারতীয় সেনা পাকিস্তানের ১০০ কিমি ভিতরে ঢুকে গিয়ে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে এসেছে। এই মন্তব্যে উপস্থিত জনতা তো বটেই, দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে।

শুধু প্রত্যাঘাতই নয়, শাহের দাবি অনুযায়ী, পাকিস্তান এরপর ড্রোন ও মিসাইল দিয়ে পালটা আক্রমণের চেষ্টা করেছিল। কিন্তু ভারতের বায়ুসেনা সেই সমস্ত হামলা সফলভাবে প্রতিহত করেছে। একটি ড্রোনও ভারতের মাটিতে নামতে পারেনি। শাহ বলেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে প্রতিরক্ষা ব্যবস্থার এই নিখুঁত রূপ রীতিমতো ইতিহাস গড়েছে। আমরা শুধু শত্রুর আক্রমণ রুখিনি, তাদের আকাশপথেই আক্রমণের ক্ষমতা ধ্বংস করে দিয়েছি।”

আরও পড়ুনঃ Ssc scam : বিকাশ ভবনে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ বিজেপি সাংসদ! স্বতঃপ্রণোদিত পদক্ষেপ চেয়ে হাই কোর্টে চিঠি!

অমিত শাহ জোর দিয়ে বলেন, “যদি ভারতের নাগরিকদের উপরে কোনও সন্ত্রাসবাদী হামলা হয়, তাহলে প্রত্যাঘাত দ্বিগুণ হবে। ভারত কোনও অবস্থাতেই পিছিয়ে পড়বে না।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদী শপথ নেওয়ার পর থেকে একটার পর একটা হামলার নিখুঁত জবাব দিয়েছেন, যা গোটা বিশ্ব দেখেছে। এই অপারেশন সিঁদুর কেবল এক অভিযান নয়—এ এক বার্তা, যা সন্ত্রাসবাদ ও পাকিস্তান—উভয়কে বুঝিয়ে দিয়েছে, ভারতের সহ্যের সীমা ছাড়ালে কেমন জবাব অপেক্ষা করে।”

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles