সবদিক থেকে হয়ে উঠতে হবে আত্মনির্ভর। সবার আগে শক্তিশালী করতে হবে সেনাকে। আর তাই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর স্বপ্নের আত্মনির্ভর ভারত গড়তে প্রতিরক্ষাকে শক্তিশালী করছে কেন্দ্র। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম ৯ এমএম মেশিন পিস্তল উঠতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর হাতে।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানানো হয়, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) এবং ভারতীয় সেনাবাহিনীর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই অত্যাধুনিক পিস্তলটি। কি বিশেষত্ব রয়েছে এই পিস্তলটির? এতে রয়েছে এমন কিছু বৈশিষ্ঠ যা এই অস্ত্রটিকে তার কাছাকাছি থাকা নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকেও অনেকটাই এগিয়ে রেখেছে। ডিআরডিও সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর প্রকল্পে জোর দিয়ে অস্ত্রটি তৈরি করা হয়েছে। ৯ এমএম মেশিন পিস্তলটি তৈরি করতে বিমান নির্মাণে ব্যবহার হওয়া উন্নত মানের অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। এছাড়া, ব্যবহার করা হয়েছে অত্যন্ত মজবুত ও হালকা কার্বন ফাইবার। থ্রি ডাইমেনশন প্রিন্টিংয়ের মাধ্যমে অস্ত্রটির নকশা তৈরি করা হয়। ফলে এর নিশানা অব্যর্থ। হাতিয়ারটি যথেষ্ট হালকা হওয়ায় বাড়তি সুবিধা পাবেন জওয়ানরা।
প্রসঙ্গত উল্লেখ্য, এক একটি পিস্তলের দাম ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে খবর। ভারতীয় সেনা ছাড়াও এই পিস্তলটি হাতে পেতে পারেন আইটিবিপি, এসএসবি, সিআরপিএফ ও বিএসএফ জওয়ানদের।
তাৎপর্যপূর্ণ ভাবে, ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েই প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে ‘আত্মনির্ভর’ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই দিশায় বড়সড় পদক্ষেপ করে গত ডিসেম্বর মাসে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল সিস্টেম রপ্তানি করার অনুমতি দেয় নয়াদিল্লি। অস্ত্র রপ্তানির মাধ্যমে ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষমাত্রা নিয়েছে ভারত।





