ভারতীয় সেনার গোলন্দাজ বাহিনীতে এবার থাকবেন মহিলারাও। চলতি মাসেই মহিলা সেনা আধিকারিকদের সেনা অ্যাকাডেমির প্রশিক্ষণ শেষ হচ্ছে। এরপর তাদের মধ্যেই কয়েকজনকে নিয়োগ করা হবে গোলন্দাজ বাহিনীতে। এমন উদ্যোগ নিয়ে এবার নতুন ইতিহাস রচনা করল ভারতীয় সেনা। এই প্রথমবার পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধক্ষেত্রে শত্রুদের বিরুদ্ধে লড়বেন মহিলা জওয়ানরাও।
সেনা সূত্রে খবর অনুযায়ী, এই মহিলা জওয়ানদের ইতিমধ্যেই বায়ুসেনার সর্বোচ্চ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দুরন্ত গতির যুদ্ধবিমান উড়িয়েছেন তারা। বায়ুসীমার নিরাপত্তা ও বিমানের প্রযুক্তির ক্ষেত্রেই সাধারণত মহিলা জওয়ানরা কাজ করে থাকেন। তাদের মধ্যেই কয়েকজনকে এবার গোলন্দাজ বাহিনীতে নিয়োগ করা হবে।
বর্তমানে ভারতীয় সেনায় গোলোন্দাজ বাহিনীর রয়েছে ২৮০টি ইউনিট। এই বাহিনীর কাছে রয়েছে বোফর্সের মতো অত্যাধুনিক প্রযুক্তির কামান, দূর এবং স্পল্প পাল্লার মিশাইল এবং রকেট ছোড়ার লঞ্চার। চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতে প্রথমবার সেনা সূত্রে খবর মিলেছিল যে সেনার গোলোন্দাজ বাহিনীতে নিয়োগ করা হবে মহিলা জওয়ানদের।
এর মাঝে সেনা প্রধান মনোজ পাণ্ডে জানিয়েছিলেন, এই সংক্রান্ত প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে। এরপর গত ২০ মার্চ অনুমোদন মেলে কেন্দ্র থেকে। এরপরই গোলোন্দাজ বাহিনীতে মহিলা জওয়ান নিয়োগের তোড়জোড় শুরু করে দেওয়া হয়েছে।
বলে রাখি, মহিলা জওয়ানদের এখনও পর্যন্ত যুদ্ধক্ষেত্রে পাঠানোর অনুমতি নেই। তবে তাদের কথা ভাবা হচ্ছে সহযোগী গোলন্দাজ বাহিনীর জন্য। সেনার কমব্যাট বাহিনী সরাসরি শত্রুর মোকাবিলা করে থাকে। চীন ও পাকিস্তান সীমান্তে কমব্যাট বাহিনী রয়েছে এই মুহূর্তে।





