‘অভিষেকের নাম বলে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন তদন্তকারীরা’, অভিযোগ তুলে আদালতে চিঠি দিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল

নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। তাঁর দাবী, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম বলার জন্য চাপ দিচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই অভিযোগ তুলে এবার নিজের আইনজীবী মারফৎ আলিপুর আদালতের (Alipur Court) বিচারককে চিঠি দিলেন কুন্তল।

আজ, বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তাপস মণ্ডলকে আদালত চত্বরে প্রশ্ন করা হয় যে এদিন তিনি কোনও প্রভাবশালীর নাম প্রকাশ্যে আনবেন কী না! উত্তরে তিনি জানান যে কুন্তলের থেকেই নতুন নাম শোনা যাবে।

তাপসের এহেন মন্তব্যের পর আদালত চত্বরে দাঁড়িয়েই মন্তব্য করেন কুন্তল। তিনি বলেন, “আগে যে বক্তব্য রেখেছিলাম, সেটাই লিখিত আকারে মহামান্য বিচারককে জানিয়েছি”। কার নাম বলার জন্য জোর দেওয়া হচ্ছে, এই প্রশ্নের উত্তরে কুন্তল বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য আমায় চাপ দেওয়া হচ্ছে। আদালতকে চিঠি দিয়ে সবটা জানিয়েছি”।

এর আগেও অবশ্য কুন্তল দাবী করেছিলেন যে প্রভাবশালীদের নাম বলার জন্য তাঁর উপর চাপ দিচ্ছে ইডি-সিবিআই। তবে সেই সময় নির্দিষ্ট করে কোনও নাম উল্লেখ করেন নি তিনি। কুন্তলের আইনজীবীও তদন্তকারীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন।

বলে রাখি, এর আগেও কুন্তল অভিষেকের দিকে ইঙ্গিত করে মন্তব্য করছেন। দাবি করেছেন, তাঁকে ‘চাপ’ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে নিয়োগ দুর্নীতিতে যুক্ত একাধিক ব্যক্তির নাম প্রকাশ্যে এনেছেন।

RELATED Articles