ভারত-পাক সীমান্তে ফের অশান্তির খবর। তবে এবার স্থলে নয়, জলপথে। গুজরাত উপকূলের আরব সাগরে আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখার কাছে ভারতীয় মৎস্যজীবীদের উপর গুলি চালায় পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সির কর্মীরা।
এই গুলিবর্ষণের জেরে মহারাষ্ট্রের এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে বলে খবর। গতকাল, রবিবার এই খবর সামনে এসেছে। এই নৌকারই অন্য এক মৎস্যজীবীও আহত হয়েছেন বলে খবর। ভারতীয় কোস্ট গার্ডের তরফে পাক বাহিনীর এই গুলি চালানোর খবর নিশ্চিত করা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, এই গুলিবর্ষণের ফলে নৌকায় থাকা সাতজন সদস্যের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন। এক পুলিস আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন যে গত শনিবার বিকেল ৪টে নাগাদ এই ঘটনাটি ঘটেছে।
দ্বারকার পুলিস সুপার সুনীল জোশি পিটিআই-কে বলেন, “মহারাষ্ট্রের থানে থেকে একজন মৎসজীবী, একটি মাছ ধরার নৌকা, নাম ‘জলপারি’ নিয়ে গিয়েছিলেন মাছ ধরতে। শনিবার সন্ধ্যায় পিএমএসএ কর্মীরা তাঁকে এবং অন্যান্য সদস্যদের উপর গুলি চালানোর ফলে ঘটনাস্থলেই তিনি নিহত হন”।
পুলিস সূত্রে খবর, যে মৎস্যজীবীর মৃত্যু হয়েছে, তাঁর নাম শ্রীধর রমেশ চামরে। বয়স ৩২। তাঁর মৃতদেহ ওখা বন্দরে আনা হয়েছে বলে খবর। আরব সাগরে ১২ নটিক্যাল মাইলের বাইরে যে কোনও ঘটনার দেখাশোনা করে পোরবন্দর নৌসেনা পুলিশ। সেখানেই এই মৃত্যু নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, গত ২৫শে অক্টোবর সাতজনকে নিয়ে শ্রীধর রমেশ গিয়েছিলেন মাছ ধরতে। ওখা বন্দর থেকেই রওনা দেন তারা। এই সাতজনের মধ্যে পাঁচজন গুজরাতের বাসিন্দা ও বাকি দু’জন মহারাষ্ট্রের বাসিন্দা। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পাক নৌ-সেনার তরফেও কোনও বিবৃতি দেওয়া হয়নি বলে খবর।





