কেন্দ্রীয় সহায়তায় উপেক্ষিত হওয়ার পথে মহিলাদের ঋতুস্রাব (Periods/Menstruation) নিয়ে চলে আসা সামিজিক ট্যাবু। ১৫ই আগস্টের প্রাক্কালে লালকেল্লা(Red Fort) থেকে নারী সুরক্ষার কথা শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Narendra Modi) মুখে। স্বাধীনতা দিবসের ভাষণে মহিলাদের ঋতুস্রাব ও অত্যাবশ্যক স্যানিটরি ন্যাপকিনের কথা তুলে এনেছিলেন তিনি। আর তারপরই এবার কেন্দ্রীয় সরকার মহিলাদের ১টাকায় স্যানিটারি প্যাড(Sanitary napkins) পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানা গেল। সরকারি সূত্রে খবর এই খাতে ১২ হাজার কোটি টাকার প্রকল্প আনছে মোদী সরকার।
এই প্রকল্প জলদি রূপায়িত করার লক্ষ্যে আলোচনাও শুরু হয়ে গিয়েছে বলে খবর। উল্লেথযোগ্য বিষয় হল, এই প্যাড হবে পরিবেশবান্ধব অক্সো-বায়োডিগ্রেডেবল (biodegradable)। ব্যবহারের পরে পরিবেশ দূষণ ঘটাবে না এবং বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলে ছোট ছোট টুকরোয় ভেঙে সহজেই মাটিতে মিশে যাবে।
এই গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্বভার ন্যাস্ত হয়েছে কেন্দ্রীয় সার ও রাসায়নিক মন্ত্রকের দুই শীর্ষ কর্তার ওপর। কারণ, সার ও রাসায়নিক মন্ত্রকই জনঔষধি কেন্দ্রের নোডাল সংস্থা। সূত্রের খবর, এই প্রকল্প রূপায়ণের জন্য গত দু’সপ্তাহ ধরেই সংশ্লিষ্ট মন্ত্রকের শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিদের মধ্যে আলোচনা চলছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ফার্মাসিউটিক্যাল বিভাগের সচিব পি ডি বাঘেলা জানিয়েছেন, বিভিন্ন বেসরকারি সংস্থাকেও কম দামে দেশের প্রত্যন্ত এলাকাগুলিতে দুঃস্থ মহিলাদের মধ্যে অত্যন্ত কম দামে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে বলা হয়েছে এই সংস্থাগুলিকে। তবে বিশেষজ্ঞরা এই প্রকল্পের পিছনে গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন। কারণ সামনেই বিহার নির্বাচন। সেই রাজ্যের গ্রামাঞ্চলের মহিলাদের ভোট নিজেদের দিকে আনতেই এহেন প্রকল্প রূপায়নে জোর দিয়েছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার।





