অযোগ্য রাহুল! সনিয়া পুত্র সভাপতি হলে কোনও কালেই জিতবে না দল! ঘুরিয়ে বলছেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতারাই।

গান্ধী পরিবারের বড় পুত্রের ওপর বিন্দুমাত্র ভরসা করছে না কংগ্রেস(Congress) নেতৃত্ব। গুলাম নবি আজাদ(Gulan Nabi Azad) থেকে কপিল সিব্বলদের( Kapil Sibbal)মতো দুঁদে রাজনৈতিক ব্যক্তিত্বদের পর রাহুলের বিরুদ্ধে এবার কংগ্রেসের আরও এক বিক্ষুব্ধ নেতা বিস্ফোরক মন্তব্য করলেন। ওই নেতার কথায়, সনিয়া পুত্র যদি আগামী ২০২৪ লোকসভা নির্বাচনেও কংগ্রেসের সভাপতি পদে অধিষ্ঠান করেন, তাহলেও কংগ্রেসের জেতার কোনও সম্ভাবনাই নেই। গত ২০১৪ এবং ২০১৯ নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত শীর্ষ কংগ্রেসের বলে মত তাঁর।

প্রসঙ্গত উল্লেখ্য, দিনকয়েক আগে দলের নেতৃত্বে বদল চেয়ে যে ২৩ জন নেতা সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) চিঠি লিখেছিলেন, নাম জানাতে অনিচ্ছুক এই নেতাও তাঁদের মধ্যে ছিলেন।

বিক্ষুব্ধ এই নেতা বলছেন,”আমরা এমন কোনও জায়গায় নেই যাতে বলা যায়, ২০২৪ লোকসভায় রাহুলের নেতৃত্বে কংগ্রেস ৪০০ আসন জিতবে। আমাদের বুঝতে হবে ২০১৪ এবং ২০১৯ লোকসভা নির্বাচনে আমরা যথেষ্ট আসন পায়নি। ওই নেতা বলেন, ‘নাগপুর থেকে শিমলার মধ্যে আমাদের মাত্র ১৬ জন সাংসদ রয়েছেন। এর মধ্যে শুধুমাত্র পঞ্জাবেই রয়েছেন ৮ জন। আমাদের বুঝতে হবে, যে ভারতে বাস্তব চিত্রটা ভিন্ন। আমাকে যদি কথা বলার সুযোগ দেওয়া হয় বৈঠকে, আমি তা হলে আমার মত প্রকাশ করব।’ তাঁর সাফ কথা, এটা কোনও ব্যক্তিগত লড়াই নয়। কংগ্রেসের উচিত ভারতের সংবিধান (Indian Constitution)বাঁচানোর জন্য বিজেপির শক্ত বিকল্প হিসেবে উঠে আসা।

উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই রাহুলকে দলের সভাপতি পদে ফেরানোর দাবিতে আওয়াজ উঠছে কংগ্রেসের অন্দরে। একাধিকবার দলের নেতারা প্রাক্তন সভাপতিকে অনুরোধও করেছেন, দায়িত্ব ফিরিয়ে নিতে। বস্তুত দলের সংখ্যাগরিষ্ঠ সমর্থকই এখনও রাহুলকেই নেতা হিসেবে পছন্দ করেন। কিন্তু যে ২৩ জন নেতা বদল চেয়ে সনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন, তাঁরা অন্তত গান্ধী পরিবারের কাউকে আর সভাপতি পদে চাইছেন না। এই নেতা এবার সেটাই স্পষ্ট করলেন।

RELATED Articles

Leave a Comment