পরিযায়ীদের জন্য ব্যবস্থা করা হল বিশেষ “শ্রমিক ট্রেন”

করোনা সংক্রমনের জেরে গত ২৫শে মার্চ থেকে দফায় দফায় দেশব্যাপী লকডাউন চলছে। এই আকস্মিক লকডাউনের জেরে ভিন্ন রাজ্যে যাওয়া পড়ুয়া, শ্রমিক এবং পর্যটকরা সেখানেই আটকে গেছেন। এই লকডাউনের মধ্যে তারা বার বার সরকারের কাছে অনুরোধ করেন তাদের নিজেদের রাজ্যে ফিরিয়ে নেওয়ার জন্য। এবার পরিযায়ী শ্রমিক, পর্যটক এবং পড়ুয়াদের ঘর-এ পৌঁছে দিতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল। এর জন্য যাত্রীদের স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে না। সংশ্লিষ্ট রাজ্য সরকার তার সম্পূর্ণ ব্যবস্থা নেবে। ওই বিশেষ ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘শ্রমিক ট্রেন’।

আগামীকাল থেকে নতুন করে আবার তৃতীয় দফায় লকডাউন চালু হওয়ায় বাড়ি ফেরা নিয়ে উদ্বেগের মাত্রা ক্রমশ বাড়তে থাকে পরিযায়ী শ্রমিকদের মধ্যে। বিভিন্ন রাজ্যে লকডাউনের জেরে বাড়িভাড়া দিতে না পারায় কয়েক লক্ষ শ্রমিক ঘরছাড়া। রেলের তরফে গতকাল একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, বিভিন্ন রাজ্যের জন্য নোডাল অফিসার নিযুক্ত করেছে রেল। যাত্রীদের যাত্রার উৎস এবং গন্তব্য যদি ভিন্ন হয়, তাহলে দুই রাজ্য আলোচনা করে যাত্রীদের নাম নথিভুক্ত করবে। উৎস-রাজ্য যাত্রীদের তালিকা রেলের হাতে তুলে দিলে সেই মতোই টিকিট ছাপাবে রেল। এরপরই সেই টিকিট সংশ্লিষ্ট রাজ্যকে পৌঁছে দেওয়া হবে।তারাই যাত্রীদের মধ্যে টিকিট বণ্টন করবে এবং ভাড়াও সংগ্রহ করবে।

নির্দেশিকায় রেল স্পষ্ট করে দিয়েছে, শ্রমিকদের ফেরত পাঠানোর দায়িত্ব সম্পূর্ণ সংশ্লিষ্ট রাজ্যের, এতে রেলের কোনো দায়ভার নেই। এছাড়া খাবার এবং জল সংশ্লিষ্ট রাজ্যকেই বহন করতে হবে। ১২ ঘণ্টার বেশি যাত্রা হলে তবেই রেল একবার খাবার দেবে বলে জানিয়েছে।

RELATED Articles

Leave a Comment