লকডাউনে বড় ধাক্কা, দেশের অন্যতম এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল আরবিআই

এবার বাতিল হল দেশের অন্যতম প্রাচীন ব্যাঙ্ক সিকেপি কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স। ভারতীয় ব্যাঙ্কিং সেক্টরে লকডাউনের প্রভাব অনেকটাই পড়েছে। এবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইণ্ডিয়া ফের বাতিল করে দিল দেশের অন্যতম সমবায় ব্যাঙ্কের লাইসেন্স। এই সিকেপি কো-অপারেটিভ ব্যাঙ্ক মুম্বইয়ে অবস্থিত, যা দেশের প্রাচীনতম ব্যাঙ্ক হিসেবেও পরিচিত।

কারণ হিসাবে আরবিআই-এর তরফে জানানো হয়েছে, বর্তমানে ব্যাঙ্কটির আর্থিক স্থিতিশীলতা ক্রমাগত কমে এসেছে। যার ফলে বিনিয়োগকারীদের এবং গ্রাহকদের নানাবিধ আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে এই অবস্থার উন্নতি কীভাবে করা যায় তার কোনো বিকল্প পরিকল্পনা নেই। এমনকি তাঁদের এই সমস্যার কোনো সমাধান করার কোনো সদিচ্ছাও নেই। তাঁদের পক্ষে আমানতকারী, গ্রাহক, বিনিয়োগকারীদের স্বার্থরক্ষার বিষয়ে বিবেচনা করা হচ্ছে না।

এরকম পরিস্থিতিতে ১৯১৫ সালে স্থাপিত এই সমবায় ব্যাঙ্কটির লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। যদিও শেষ দিনগুলিতে এই ব্যাঙ্কের সুদের পরিমাণ ২ শতাংশে কমিয়ে আনা হয়। সেইসময়ে লোকসানের পরিমাণ স্থিতিশীল অবস্থায় এলেও, বর্তমানে এর আর্থিক স্থিতিশীলতা এতটাই কম, যে আমানতের ৪৮৫ কোটি টাকা পরিশোধের ক্ষমতা নেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের। তবে রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী আমানতকারীরা ৫ লক্ষ টাকা ফেরত পাবেন। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক তার বেশি অর্থ আমানতকারীদের ফেরত দিতে পারবে না সেটাও জানিয়ে দিয়েছে।

RELATED Articles

Leave a Comment