বর্ষা বিদায় নিয়েছে কিন্তু বৃষ্টি এখনই বিদায় নিতে চাইছে না বঙ্গ থেকে। ফের প্রবল বর্ষণের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দুর্গাপুজোর পর হিমেল পরশ মেলার জায়গায় এবার মিলবে ভিজে মাটি। কোথায় কোথায় হবে বৃষ্টি, জানাল হাওয়া অফিস।
জানা গিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। সেই ঘূর্ণাবর্তের অভিমুখ থাকবে উত্তর ও উত্তর-পশ্চিম অর্থাৎ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর। আর এর জেরেই বৃষ্টি হবে বাংলায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে শুক্রবার বৃষ্টি হবে দুই ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে।
আগামী সপ্তাহ থেকেই পরিবর্তন ঘটবে আবহাওয়ার। বাড়বে বৃষ্টির পরিমাণ। বঙ্গোপসাগরে প্রবল নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। ৫ ফুট বা তার বেশি উচ্চতার ঢেউ দেখা যাবে বলে জানাল হাওয়া অফিস। এই মুহূর্তে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ না করা হলেও সমুদ্র সৈকতে থাকা লোকজনকে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ার কিছু অংশে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাসই বেশি। তবে নতুন করে প্লাবনের বা ধস নামার সম্ভাবনা নেই বলেই জানাল আবহাওয়া দফতর।






