Jagan Mohan Reddy : বৃদ্ধকে গাড়ি চাপা! সিসিটিভি দেখে চমকে উঠল পুলিশ, জগন মোহন রেড্ডির বিরুদ্ধেই উঠল খু*নে*র অভিযোগ!

এক বছর আগে আত্মহত্যা করা এক দলীয় নেতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি। এই সফরটি রাজনৈতিক নয়, মানবিক ছিল বলেই দাবি করছিলেন ওয়াইএসআর কংগ্রেসের নেতারা। কিন্তু সেই সফর থেকেই জন্ম নিল এক ভয়ানক অধ্যায়ের, যা এখন রাজনীতির মঞ্চে বিতর্কের আগুন জ্বালিয়েছে। ঘটনার কেন্দ্রে রয়েছেন খোদ জগন মোহন রেড্ডি এবং তার কনভয়ের গাড়ি।

১৮ জুনের সেই দিনটি ছিল মঙ্গলবার। গুন্টুর জেলার এটুকুরু বাইপাস দিয়ে রেন্টাপল্লা গ্রামে যাচ্ছিলেন জগন মোহন। পথে ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। এক বৃদ্ধ রাস্তায় পড়ে গুরুতর আহত হন এবং পরে হাসপাতলে মৃত্যু হয়। প্রাথমিকভাবে স্থানীয় থানায় তার স্ত্রী চিলি লুর্ধু মেরির অভিযোগের ভিত্তিতে বিএনএস ধারা ১০৬(১)-এ (অবহেলার কারণে মৃত্যু) মামলা দায়ের হয়। তখনকার মত পুলিশ এটিকে নিছক একটি ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট বলেই ধরে নেয়।

তবে ঘটনার গভীরে যেতেই শুরু হয় চাঞ্চল্য। পুলিশ সুপার এস সতীশ কুমার রবিবার জানান, সিসিটিভি ফুটেজ, ড্রোন ভিডিও এবং বিভিন্ন পারিপার্শ্বিক প্রমাণ বিশ্লেষণ করার পর দেখা গিয়েছে, নিহত সিঙ্গাইয়া নামে ওই বৃদ্ধকে জগন মোহন রেড্ডির কনভয়ের একটি গাড়িই চেপে দেয়। মৃত্যুর পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান। এই তথ্য সামনে আসতেই পুলিশ আগের ধারা বাদ দিয়ে আরও গুরুতর ধারা সংযুক্ত করে।

পুলিশ এখন বলছে, এটি নিছক দুর্ঘটনা নয়। মামলাটি পরিবর্তন করে ধারা ১০৫ (অপরাধমূলক হত্যাকাণ্ড, যা খুনের সমতুল্য নয়) এবং ধারা ৪৯ (প্ররোচনার অভিযোগ)-এর আওতায় আনা হয়েছে। শুধু ড্রাইভার নয়, অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে জগন মোহন রেড্ডির নিজস্ব সহকারী কে নাগেশ্বর রেড্ডি, ড্রাইভার রমনা রেড্ডি, প্রাক্তন মন্ত্রী ভিদাদালা রজনী, প্রাক্তন বিধায়ক পার্নি ভেঙ্কটরামাইয়া এবং ওয়াইএসআরসিপি-র বর্ষীয়ান নেতা ওয়াইভি সুব্বারেড্ডিরও।

আরও পড়ুনঃ Middle East Tension: ‘শত্রুকে শাস্তি পেতেই হবে’, মুখ খুললেন খামেনেই, তড়িঘড়ি সতর্ক বার্তা আমেরিকার!

এসপি কুমার জানিয়েছেন, অভিযুক্তদের নাম এফআইআরে অন্তর্ভুক্ত হয়েছে এবং আইনের পরবর্তী ধাপগুলি মেনেই পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে প্রবল আলোড়ন শুরু হয়েছে। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী কীভাবে অভিযুক্ত হলেন, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। যদিও ওয়াইএসআরসিপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি, তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী দিনে এই ঘটনাই হতে চলেছে রাজ্যের রাজনীতির মোক্ষম মোড়।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles