মা হওয়া প্রতিটি মহিলার কাছে সবচেয়ে সুন্দর ও আনন্দের মুহূর্ত। রাজস্থানের জয়পুর গ্রেটার পুরসভার মেয়র ডঃ সৌম্যা গুর্জর দ্বিতীয়বার মা হলেন। তবে অন্তঃসত্ত্বা অবস্থাতেও তাঁর কাজের প্রতি নিষ্ঠতার কাহিনী সকলকে উদ্বুদ্ধ করেছে। তাঁর এই কাহিনী প্রশংসিত হয়েছে নানান মহলে।
নিজের মা হওয়ার খবর নিজেই টুইট করে জানান সৌম্যা। সঙ্গে জানান, তাঁর মা হওয়ার আগের মুহূর্তের কাহিনীও। কাজের প্রতি তিনি এতটাই দায়বদ্ধ যে মা হওয়ার আট ঘণ্টা আগে পর্যন্তও তিনি অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। বৈঠক করেছেন জয়পুর গ্রেটার পুরসভা দফতরের আধিকারিকদের সঙ্গে। অন্যান্য আর পাঁচটা দিনের মতোই সেদিনও কাজে মগ্ন ছিলেন তিনি। কাউকে ঘুণাক্ষরেও টের পেতে দেননি তাঁর প্রসবের যন্ত্রণা।
মা হওয়ার আগের দিন রাতে সৌম্যা ৯.২১ মিনিটে পুরসভায় কাজ করার মাঝে একটি ছবি শেয়ার করেন। এরপর দিন ভোর ৫.১৪ মিনিটে তিনি একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন।
এই খবর টুইটারে পোস্ট করে সৌম্যা লেখেন, “কর্মই পূজা। অনেক রাত পর্যন্ত পুরসভার অফিসে মিটিং করি। এরপর ১২.৩০ টা নাগাদ প্রসব যন্ত্রণা শুরু হলে কুকুন হাসপাতালে ভর্তি হই। আর সকাল ৫.১৪ নাগাদ ভগবানের অশেষ কৃপায় এক পুত্র সন্তানের জন্ম দিই। আমি ও আমার সন্তান দু’জনেই এখন সুস্থ রয়েছি”।
Work is Worship!
देर रात तक निगम ऑफिस में मीटिंग ली, प्रसव पीड़ा शुरू होने पर रात्रि 12:30 बजे कुकुन हॉस्पिटल में भर्ती हुई और सुबह 5.14 पर परमपिता परमेश्वर की कृपा से पुत्र को जन्म दिया।
मैं और बच्चा दोनों स्वस्थ हैं। pic.twitter.com/nMULHwNGWn— Dr Somya Gurjar (@drsomyagurjar) February 11, 2021
ডঃ সৌম্যা গুর্জর ঠিক করেছেন যে, সন্তান জন্মের তিনদিন পর থেকেই তিনি কাজে ফিরবেন। আগামী সোমবার থেকে আবার পুরসভার কাজে যোগ দেবেন তিনি। তিনি জানান, সোমবার থেকে বাড়িতে বসেই পুরসভার কাজের দেখভাল করবেন তিনি। এরপর ২২শে ফেব্রুয়ারি থেকে পুনরায় অফিসে গিয়ে কাজ করবেন।
বলে রাখি, সৌম্যা গুর্জরের একটি কন্যা সন্তানও রয়েছে। সন্তান প্রসবের আগের দিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি যেরকম উদয়াস্ত পরিশ্রম করে গিয়েছেন, কাজের প্রতি তাঁর এই দায়বদ্ধতা সত্যিই প্রশংসনীয়।






