ভারত থেকে বিদায় নিয়ে নিজ দেশে ফেরার পালা, এক ইতালীয় পর্যটকের। ইতালি থেকে ভারতে কেরল রাজ্যে ঘুরতে আসেন ওই পর্যটক। গিয়েছিলেন কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে। সেখানেই ১৩ই মার্চ তাঁর শরীরে থাবা বসায় নোভেল করোনা ভাইরাস। এরপর ভর্তি হন কেরালারই এক হাসপাতালে। অসুস্থ হয়ে নিজ দেশে ফেরা তখন সম্ভব হয়নি। এরপর কেটে গেছে গোটা একটা মাস। হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
সোমবার সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সেই ইতালিয় নাগরিক। কেরলের হাসপাতালে সুস্থ হয়ে ওঠার পর তিনি বললেন, ‘কেরল আজীবন আমার হৃদয়ে থাকবে। এখানে যে চিকিৎসা আর যত্ন আমি পেয়েছি, তা আমি কোনোদিন ভুলব না। আমার অসুস্থতায় যেভাবে আমি এখানকার স্বাস্থকর্মীদের শুশ্রূষা পেয়েছি তা ভোলবার মতো নয়। আমি আমার অনুভূতিগুলো নিয়ে ইতালিতে ফিরে যাব। তবে সুযোগ হলে আবার কেরলে ফিরে আসব।’
১৩ই মার্চ থেকে চিকিৎসাধীন থাকার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তাঁর রিপোর্ট নেগেটিভ আসার পরও তাঁকে সাবধানতার খাতিরে কিছুদিন আইসোলেশনে কাটাতে হয়েছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তিনি ইতালি ফিরে যাবেন। ইতালির দূতাবাস থেকে তাঁর ফেরার সবরকম ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ইতালিতে করোনা ভয়াবহতার চিত্রটা খুবই ভয়ঙ্কর। বিশ্বের সব থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আমেরিকা ও স্পেনের পরই তিন নম্বরে রয়েছে ইতালির নাম। যা নিয়ে ওই ইতালীয় নাগরিক বলেছেন, ‘উত্তর ইতালিতে সত্যি ভয়াবহ ছবি। সেখানে যেন মৃত্যু মিছিল স্তব্ধ হওয়ার নামই নিচ্ছে না।’
প্রসঙ্গত, ভারতে কেরলেই প্রথম করোনা সংক্রমণ ঘটেছিল। তবে আপাতত সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে। ২৭২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন বর্তমানে।





