বদলে গিয়েছে বাহ্যিক পরিকাঠামো থেকে শুরু করে আসবারপত্র, এমনকি পরিষ্কার-পরিচ্ছন্নতাতেও এসেছে নতুন চমক। তাই এবার স্বচ্ছতার নিরিখে দেশের মধ্যে সেরার শিরোপা ছিনিয়ে নিল কলকাতা বিমানবন্দর। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চেন্নাই এবং জয়পুর বিমানবন্দর।
জানা গিয়েছে, সম্প্রতি ‘স্বচ্ছতা অ্যাওয়ার্ড, ২০১৯’-এর তালিকা প্রকাশ করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সেই তালিকায় সেরার তকমা পেয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পরিচালিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। মূলত বিমাবন্দরের শৌচাগার ও টার্মিনালের স্বচ্ছতার নিরিখে ‘স্বচ্ছতা অ্যাওয়ার্ড, ২০১৯’ ছিনিয়ে নেয় কলকাতা বিমানবন্দর।
প্রসঙ্গত, কলকাতা বিমানবন্দরের স্বচ্ছতা ও পরিষেবা নিয়ে আগে অনেকেই বিরক্ত ছিলেন। বিশেষত বিমানবন্দরের শৌচালয়ের অবস্থা নিয়ে যাত্রীদের বিস্তর ক্ষোভ ছিল। সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতেই বিশেষ পদক্ষেপ করে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। বছর কয়েক আগেই কলকাতা বিমানবন্দরের খোলনলচে বদলানো হয়। স্বচ্ছতার ওপরও বিশেষ জোর দেওয়া হয়। টার্মিনালের ভিতরে-বাইরে ২৪ ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার কাজ শুরু করেন কর্মীরা। আবার শৌচাগারের স্বচ্ছতা বজায় রাখতে ঠিকাদার সংস্থাকে বরাত দেওয়া হয়। ফলে ঘণ্টায়-ঘণ্টায় শৌচাগার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়। এই সমস্ত কিছুরই ফল এবার মিলল কলকাতায়।





