করোনার বীভৎসতা যখন ভয় ধরাচ্ছে দেশবাসীর মনে সেই সময়ও কুম্ভের বিশাল জনসমাগম নিয়ে মুখে কুলুপ এঁটে বসে ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে অবশেষে তীব্র সমালোচনার মুখে নীরবতা ভাঙলেন।
টুইট করে করোনা সঙ্কটের কথা মাথায় রেখে আপাতত প্রতীকী রূপে কুম্ভ মেলা উদযাপনের আর্জি জানালেন তিনি।
জানা গেছে, ফোন মারফত জুনা আখড়ার স্বামী অওধেশানন্দের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রীর। মোদীর প্রস্তাবে সাড়া দিয়ে তিনি পুণ্যার্থীদের ভিড় করে শাহি স্নান থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন।
আজ অর্থাৎ শনিবার টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘আচার্য মহামণ্ডলেশ্বর পূজ্য স্বামী অওধেশানন্দ গিরির সঙ্গে ফোনে কথা হল। সাধুসন্তদের স্বাস্থ্যের খবর নিলাম। সকলেই প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছেন। তার জন্য সন্তজনদের কৃতজ্ঞতা জানাই। দু’টো শাহি স্নান ইতিমধ্যেই হয়ে গিয়েছে। করোনা সঙ্কটের কথা মাথায় রেখে আমি অনুরোধ জানিয়েছি যে আপাতত কুম্ভ প্রতীকী রূপেই উদযাপন করা হোক, যা এই সঙ্কটের সঙ্গে লড়াইয়ে আমাদের শক্তি জোগাবে।’
आचार्य महामंडलेश्वर पूज्य स्वामी अवधेशानंद गिरि जी से आज फोन पर बात की। सभी संतों के स्वास्थ्य का हाल जाना। सभी संतगण प्रशासन को हर प्रकार का सहयोग कर रहे हैं। मैंने इसके लिए संत जगत का आभार व्यक्त किया।
— Narendra Modi (@narendramodi) April 17, 2021
প্রধানমন্ত্রীর টুইটের পরই তাঁর প্রস্তাবে সাড়া দিয়ে টুইট করেন স্বামী অওধেশানন্দ। তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীর অনুরোধকে সম্মান জানাচ্ছি। মানুষকে অনুরোধ করছি, কোভিড পরিস্থিতিতে বিপুল সংখ্যায় শাহি স্নান করতে আসবেন না আপনারা এবং সমস্ত বিধিনিষেধ মেনে চলুন।’
প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই করোনাভাইরাস নিজের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দেশে দৈনিক সংক্রমণ ইতিমধ্যেই ২ লক্ষ পেরিয়ে গিয়েছে। সেই অবস্থায় হরিদ্বারে কুম্ভ মেলা ঘিরে উন্মাদনা নিয়ে গত কয়েক দিন ঝরেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। অতিমারিজনিত বিধিনিষেধের তোয়াক্কা না করে হাজার হাজার মানুষকে শাহি স্নানে অংশ নিতে দেখা যায়। যে ছবি রীতিমতো দেশবাসীর মনে ধরায়। একদিকে বাংলায় নির্বাচন নিয়ে বড় বড় সভা-সমিতির সমাবেশ অন্যদিকে কুম্ভ। দেশের করোনা পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে এই ছবিগুলো দেখে রীতিমতো শিহরিত হতে হয়।





