উত্তর প্রদেশের যুব সমাজের জন্য এক বড় সুযোগ নিয়ে হাজির হয়েছে ‘রোজগার মহাকুম্ভ ২০২৫’। লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠান থেকে মঙ্গলবার শুরু হওয়া এই তিন দিনের মেগা ইভেন্টে রাজ্যের লক্ষ লক্ষ তরুণ-তরুণী অংশগ্রহণ করতে পারবেন। ব্যস্ত জীবনের চাপে চাকরি পাওয়ার সুযোগ হারানো বা সঠিক দিকনির্দেশনার অভাবে হতাশা ছড়িয়ে থাকা যুব সমাজের জন্য এটি এক নতুন আলো ছড়াবে।
প্রথম দিন থেকেই অনুষ্ঠানস্থল সরগরম। তরুণরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করছে, শিল্প সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলছে এবং চাকরির বাজার সম্পর্কে ধারণা নিতে পারছে। যোগী সরকারের উদ্যোগে এই কর্মসূচি রাজ্যের বেকার যুবকদের জন্য বিশেষভাবে পরিকল্পিত। প্রতিটি প্রার্থী আশা করছেন যে, এখানে উপস্থিত শিল্প সংস্থা ও শিক্ষাবিদদের সঙ্গে সরাসরি আলাপের মাধ্যমে তারা নিজের দক্ষতা এবং যোগ্যতা তুলে ধরতে পারবে।
‘রোজগার মহাকুম্ভ ২০২৫’-এ অংশ নিয়েছে দেশের প্রায় ১০০টিরও বেশি নামী প্রতিষ্ঠান। মাইক্রোসফট, ইন্টেল, ওয়াদওয়ানি এআই-এর মতো প্রযুক্তি সংস্থাগুলি তরুণদের প্রযুক্তি খাতের চাকরির সুযোগ দিচ্ছে। এছাড়াও ফ্লিপকার্ট ও অ্যামাজন-এর মতো ই-কমার্স সংস্থাগুলি এবং ব্যাঙ্কিং ও গাড়ি নির্মাণ শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানও অংশগ্রহণ করছে। সরকার অনুমান করছে, তিন দিনের এই কর্মসূচি থেকে প্রায় ৫০,০০০-এরও বেশি তরুণ-তরুণী চাকরি পাবেন।
চাকরিপ্রার্থীরা তিনটি ধাপে সুযোগ পাবেন। প্রথমে সরাসরি বিভিন্ন শিল্প সংস্থা ও শিক্ষাবিদদের সঙ্গে আলাপ। এরপর ‘অন-স্পট ইন্টারভিউ এবং প্লেসমেন্ট ড্রাইভ’-এর মাধ্যমে কোম্পানিগুলি তাদের প্রার্থী বেছে নেবে। শেষ ধাপে সরকারের তরফে উত্তর প্রদেশের শিল্প নীতি এবং দক্ষতা উন্নয়নের মডেল তুলে ধরা হবে, যা ভবিষ্যতের চাকরি বাজার এবং শিল্প খাতের উন্নয়নে প্রভাব ফেলবে।
আরও পড়ুনঃ Trump- modi : শুল্ক আরোপের আগে মোদীকে ‘অত্যন্ত দুর্দান্ত মানুষ’ মন্তব্য করলেন ট্রাম্প! কী ইঙ্গিত দিতে চাইছে মার্কিন প্রেসিডেন্ট?
এই কর্মসূচি শুধু চাকরির সুযোগই নয়, বরং যুব সমাজকে আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা এবং শিল্প-সংক্রান্ত জ্ঞান অর্জনের সুযোগও দিচ্ছে। লখনউয়ে এই তিন দিনের মেগা ইভেন্ট শেষ হলে রাজ্যের যুব সমাজ আরও প্রস্তুত এবং সক্ষম হয়ে উঠবে চাকরির বাজারে প্রতিযোগিতার মুখোমুখি হতে। ‘রোজগার মহাকুম্ভ ২০২৫’ তাই শুধু একটি ইভেন্ট নয়, এটি একটি নতুন আশা এবং সম্ভাবনার প্রতীক।





