অষ্টাদশ লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ। সাত দফায় দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রের ভাগ্যনির্ধারণ করবে আমজনতা। এবার সময় ভোটগণনার। গণনার আগে আসন্ন ফলাফলের আভাস মিলল বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায়।

সাত দফা মহাযুদ্ধের শেষে মানুষের হৃদয় সিংহাসনে বসবে কে? পশ্চিমবঙ্গের (West Bengal) ৪২টি আসনের জন্য বুথ ফেরত সমীক্ষা তথা এক্সিট পোল শুরু হয়ে গেল। রাজ্যের ৪২টি আসনে কোন দল কতগুলি আসনে এগিয়ে তার প্রাথমিক ইঙ্গিত মিলবে এই সমীক্ষায়।
লোকসভা নির্বাচনের সাময়িক সমীক্ষা (Lok Sabha 2024)
সি-ভোটার সমীক্ষা অনুযায়ী, এরাজ্যে শাসকদল তৃণমূল পেতে পারে ৪১.৫ শতাংশ ভোট। ৪২.৫ শতাংশ ভোট যেতে পারে বিজেপির খাতে। ১৩.২ শতাংশ বাম ও কংগ্রেস জোট এবং অন্যান্যরা পাবে ২.৮ শতাংশ। সমীক্ষা আরও বলছে, এরাজ্যে বিজেপি পেতে পারে ২৩-২৭টি আসন। তৃণমূল পাবে ১৩-১৭ এবং বাম-কংগ্রেস জোট ১-৩টি আসন। বাম-কংগ্রেস জোটের অঙ্ক আরও একবার শূন্য হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না সমীক্ষকেরা।
অপরদিকে, কেরালায় সি-ভোটার বলছে, ১৭-১৯টি সিট যাবে কংগ্রেসের দখলে, ১-৩ বরাদ্দ ধরা যেতে পারে এনডিএর। কেরালা এবার বামশূন্য। একসিস্ মাই ইন্ডিয়া নামক আরেক ভোট ফেরত সমীক্ষা সংস্থার সমীক্ষা বলছে, ২-৩টি সিট জিতে যাবে বিজেপি, ১৩-১৪ কংগ্রেস ও বামেরা মেরেকেটে পাবে ১টি সিট।
উদ্ধৃত সমীক্ষাগুলিতে এক নজর বোলালেই বোঝা যাচ্ছে, বামশূন্য হয়ে যাওয়ার মুখে ভারত। কেরালায় এত যুগ বামেদের আধিপত্য থাকলেও, চলতি লোকসভা ভোটে কেরালায় মেরেকেটে ১টি আসন পাবে বাম। আর রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গেও এই মুহূর্তে বামেদের রেকর্ড ভাল নয়। তবে কী এবার বামশূন্য হয়ে যাচ্ছে ভারত?





