বিমার প্রিমিয়াম জমা দেওয়ার সময়সীমা বাড়াল এলআইসি

করোনার এই চলতি বিপদের মাঝে এক টুকরো স্বস্তি দিল জীবন বীমা সংস্থা এলআইসি। শনিবার এলআইসি-র তরফে জানানো হয়েছে যে, মার্চ এবং এপ্রিল মাসে প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রে ৩০ দিনের ছাড় দিল তারা। এ দিকে, গত ফেব্রুয়ারি মাসের প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রে আগেই ২২ মার্চ পর্যন্ত সময় দিয়েছিল সংস্থা। এবার সেই ছাড়ের মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ কোনও জরিমানা ছাড়াই আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত ফেব্রুয়ারি মাসের বিমার প্রিমিয়াম জমা দিতে পারবেন বিমাকারীরা।

এছাড়া কোনও সার্ভিস চার্জ ছাড়াই এলআইসির বিমাকারীরা ডিজিটাল পেমেন্টএর মাধ্যমে প্রিমিয়ামের টাকা জমা দিতে পারবেন। এ জন্য বিমাকারীদের আলাদা করে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করার কোনও প্রয়োজন নেই। সাধারণ কয়েকটি তথ্য প্রদান করেই সরাসরি প্রিমিয়াম মিটিয়ে দিতে পারবেন তাঁরা। পাশাপাশি LIC Pay Direct মোবাইল অ্যাপের মাধ্যমেও প্রিমিয়াম দেওয়া যাবে। থাকছে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড Paytm, PhonePe, Google Pay, BHIM এবং UPI-সহ অন্যান্য অ্যাপের মাধ্যমে প্রিমিয়াম দেওয়ার সুযোগ।

আর যারা অনলাইনে জমা দিতে অভ্যস্ত নন তাদের জন্য IDBI এবং Axis ব্যাংকের শাখার মাধ্যমেও বিমার প্রিমিয়াম নেওয়া হচ্ছে। আর ব্লক স্তরের কমন সার্ভিস সেন্টার-এর (CSC) মাধ্যমেও এই অর্থ জমা দেওয়া যাবে। গ্রাহক স্বার্থে এই সকল পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এলআইসি।

RELATED Articles

Leave a Comment