কিছুদিন আগে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই এর সভাপতি নির্বাচিত হন। এরপর সেই পথেই হাঁটতে ইচ্ছুক ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। তিনি আগামী দিনে এআইএফএফের প্রেসিডেন্ট পদে লড়তে চান।
২০১১ সালে জাতীয় দল থেকে অবসর নেন বাইচুং ভুটিয়া। এরপর তিনি ইউনাইটেড সিকিম নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করেন। ক্লাবের ভবিষ্যতও অনিশ্চয়তার মুখে এবং সেই ক্লাব এখন রাজ্যের ঘরোয়া লিগেই খেলছে। ক্লাব চালানোর পাশাপাশি তিনি মাঝে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। কিন্তু সেখানেও তেমন সাফল্য পাননি বাইচুং। পরে সিকিমে গিয়ে হামরো সিকিম পার্টি নামে একটি দল তৈরি করেন। এইবারে রঙের রাজনীতি ছেড়ে ফুটবল রাজনীতিতে প্রবেশ করতে চান তিনি। ফেসবুকে এক সমর্থকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ”ভবিষ্যতে অবশ্যই আমার ইচ্ছে আছে। তবে আপাতত আমি তৃণমূলস্তরে থেকে ফুটবলের উন্নতিতে কাজ করতে চাই। তার জন্য ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাব, বাইচুং ভুটিয়া ফুটবল স্কুল, এবং অবশ্যই জেলাস্তরে ফুটবলের সঙ্গে যুক্ত আছি।”
উল্লেখ্য ভারতীয় ফুটবল সংস্থার বর্তমান প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল ১২ বছর ধরে সংস্থার শীর্ষপদে আছেন। ২০০৮ সালে প্রিয়রঞ্জন দাশমুন্সি অসুস্থ হওয়ার পর থেকেই ফেডারেশনের সভাপতি প্রফুল। এরপর ২০১২ এবং ২০১৬ সালে পরপর দুবার তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তবে এবছর হয়তো প্রফুলবাবু প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন না। তাই সে ক্ষেত্রে বাইচুংয়ের কাছে সুযোগ থাকছে বোর্ড প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার।





